বড় পর্দায় বিন্দু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিন্দু
বিন্দু

অভিনেত্রী আফসান আরা বিন্দুর বিয়ে হয়েছে গত বছরের অক্টোবরে। বর্তমানে পুরোদস্তুর সংসারজীবন নিয়ে ব্যস্ত তিনি। বিয়ের পর ছোট কিংবা বড় পর্দায় দেখা যায়নি লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬ সালের প্রথম রানারআপ বিন্দুকে। তবে সবকিছু ঠিকঠাকমতো এগোলে চলতি মার্চ মাসেই বিন্দুকে আবার বড় পর্দায় দেখার সুযোগ পাবেন তাঁর ভক্ত ও দর্শকেরা।
বছর পাঁচেক আগে সোহেল আরমান পরিচালিত এই তো প্রেম ছবির কাজ করেছিলেন বিন্দু। তিনি ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন। দীর্ঘদিন পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এই তো প্রেম। মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত ছবিটি ২৬ মার্চের মধ্যেই মুক্তি দেওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক সোহেল আরমান।
এ প্রসঙ্গে সোহেল আরমান বলেন, ‘যে করেই হোক এ মাসেই এই তো প্রেম ছবিটি মুক্তি দেওয়ার জোর চেষ্টা করছি। ছবিটি গতকাল সোমবার সেন্সর ছাড়পত্র পেয়েছে। আশা করছি ২৬ মার্চের মধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে বসে দেখতে পারবেন দর্শকেরা।’
এই তো প্রেম ছবিটি মুক্তি পেতে এত বেশি সময় কেন লাগছে, জানতে চাইলে সোহেল আরমান বলেন, ‘ছবির গল্পের প্রয়োজনে কেবল শীতকালে এর শুটিং করতে চেয়েছি। এ ছাড়া ঢাকা, রাজশাহী, মানিকগঞ্জসহ দেশের অন্তত ২৫টি লোকেশনে শাকিব খানের মতো জনপ্রিয় একজন তারকাকে নিয়ে শুটিং করেছি। শাকিব খানকে নিয়ে এত বেশি জায়গায় শুটিং করাটা কিন্তু চাট্টিখানি কথা নয়। শুটিং লোকেশনে তাঁকে দেখতে অসংখ্য মানুষের ভিড় সামলাতে আমাদের হিমশিম খেতে হয়েছে। এ জন্য শুটিং কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।’
সোহেল আরমান আরও বলেন, ‘ছবিটির শুটিং করেছিলাম ৩৫ মি.মি. ক্যামেরায়। পরে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে অনেক সময় লেগে যায়। সবকিছু মিলিয়ে ছবি মুক্তি দিতে দেরি হচ্ছে। তবে এবার যে করেই হোক ছবিটি মুক্তি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আরও পড়ুন: