বড়পর্দায় আসছেন ‘মীরাক্কেল’খ্যাত জামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬’খ্যাত বাংলাদেশি প্রতিযোগী জামিল হোসেন। কাল রোববার রাজধানী ঢাকার কাওলায় ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। পি এ কাজল পরিচালিত ছবিটির নাম ‘ভালোবাসা আজকাল’। এটি জামিলের প্রথম চলচ্চিত্র। জামিল বলেন, ‘গত এক মাস “মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৭” প্রতিযোগিতার কাজে কলকাতায় ছিলাম। ছবির শুটিংয়ের তারিখ ঠিক হওয়ায় গতকাল সকালে ঢাকায় ফিরেছি। দুই দিন বিশ্রাম শেষে কাল সকাল থেকে শুরু হবে শুটিং। জানা গেছে, ‘ভালোবাসা আজকাল’ ছবিতে কৌতুকধর্মী একটি চরিত্রে অভিনয় করবেন জামিল। তিনি বলেন, ‘মীরাক্কেলে দর্শকেরা আমাদের যেভাবে দেখেছেন, চলচ্চিত্রের পর্দায়ও ঠিক সেভাবে দেখবেন। ইচ্ছে ছিল অভিনয় করার। সেই ভাবনা থেকে মীরাক্কেল আক্কেল প্রতিযোগিতায় নাম লেখানো। এরপর দুটি নাটকে অভিনয়ও করেছি। এবার করছি বড়পর্দার কাজ। আমি খুবই খুশি। অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে প্রমাণের চেষ্টা করব।’ছবিটির পরিচালক পি এ কাজল বলেন, ‘মীরাক্কেলের প্রায় প্রতিটি পর্বই আমার দেখা হতো। সেখানেই আমি জামিলকে দেখি। তাঁর অভিনয়শৈলী আমাকে মুগ্ধ করেছে। “ভালোবাসা আজকাল” ছবিতে ওর মতোই একজন অভিনেতার দরকার ছিল যে আমার প্রত্যাশাটা পূরণ করতে পারবে।’ ‘ভালোবাসা আজকাল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান ও মাহি।‘ভালোবাসা আজকাল’ ছাড়াও জামিল আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবি দুটি হলো ‘লাভ টোয়েন্টি ওয়ান’ ও ‘চোখের দেখা’। এ ছাড়া, কয়েকটি নাটকে অভিনয়ের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে বলেও জানান জামিল।