বড়পর্দায় ফিরছেন সুপ্রিয়া দেবী
বড়পর্দায় ফিরছেন বাংলা ছবির প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী। কলকাতার নবীন চলচ্চিত্রনির্মাতা অনিরুদ্ধ ঘোষের ‘পাঁচফোড়ন’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন ৭৭ বছর বয়সী এ অভিনেত্রী। এই ছবিটির মাধ্যমে চিত্রনির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অনিরুদ্ধ। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।ছবিটির চিত্রনাট্য সুপ্রিয়া দেবী পছন্দ করেছেন এবং অভিনয় করতে সম্মতি দিয়েছেন—বিষয়টি জানার পর নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না অনিরুদ্ধ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার জানা মতে, ছবির সেটে সবাইকে বিভিন্ন বিষয়ে সাহায্য করার জন্য সুপ্রিয়া দিদির জুড়ি নেই। এত বড় মাপের একজন শিল্পী হওয়া সত্ত্বেও তাঁর ভেতরে কোনো অহংকার নেই। আমার ছবির কেন্দ্রীয় চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। চরিত্রটিতে সুপ্রিয়া দিদি অভিনয় করতে রাজি হওয়ায় আমি অনেক বেশি আনন্দিত এবং বিস্মিত।’অনিরুদ্ধ আরও বলেন, ‘ছবিটি কমেডিধর্মী হলেও এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটি বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই আমি। ছবিটির মূল বক্তব্য হলো, সবাই এক থাকলেই কেবল দাঁড়াতে পারব আমরা, আর বিভাজিত হলেই পতন ঘটবে আমাদের।’ ১৯৩৫ সালে তত্কালীন বার্মায় জন্ম হয়েছিল সুপ্রিয়া দেবীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁরা সপরিবারে কলকাতা চলে আসেন। ১৯৫২ সালে মুক্তি পায় সুপ্রিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বসু পরিবার’। ১৯৫৪ সালে বিশ্বনাথ চৌধুরীকে বিয়ের পর চলচ্চিত্র থেকে অবসর নেন সুপ্রিয়া চৌধুরী। পঞ্চাশের দশকে আবারও চলচ্চিত্রে ফিরে আসেন সুপ্রিয়া। উত্তম কুমারের বিপরীতে ‘সোনার হরিণ’ (১৯৫৯) ছবিতে অভিনয় করেন। ১৯৬০ সালে মুক্তি পাওয়া ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ছবিতে সুপ্রিয়ার সুনিপুণ অভিনয় প্রশংসিত হয় বিভিন্ন মহলে। পরবর্তী সময়ে উত্তম কুমারের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন সুপ্রিয়া। চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় উত্তম-সুপ্রিয়া জুটি। এই জুটি অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘উত্তরায়ণ’, ‘অগ্নি সংসার’, ‘কাল তুমি আলেয়া’, ‘লাল পাথর’, ‘অন্ধ অতীত’, ‘শুধু একটি বছর’, ‘মন নিয়ে’, বিলম্বিত লয়’, ‘ভোলা ময়রা’, ‘সন্ন্যাসী রাজা’, ‘বন পলাশির পদাবলি’ ইত্যাদি। পর্দায় জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন উত্তম-সুপ্রিয়া। ১৯৬৩ সালে নিজের সংসার ছেড়ে সুপ্রিয়ার সঙ্গে বসবাস শুরু করেন উত্তম। উত্তমের মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ ১৭ বছর এক সঙ্গেই বসবাস করেছেন তাঁরা।সর্বশেষ ২০০৬ সালে মীরা নায়ারের ‘নেমসেক’ ছবিতে দেখা গিয়েছিল সুপ্রিয়াকে। কাজের স্বীকৃতি হিসেবে বঙ্গ-বিভূষণসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন গুণী এ অভিনেত্রী।