তাঁকে বলা হচ্ছে বলিউডের ‘রজনীকান্ত’। তাঁর সামান্য অসুস্থতাও ভক্তদের মন্দিরমুখী করতে বাধ্য করে। তাঁর নাম সালমান খান। আহ্লাদিত হয়ে অনেকে তাঁকে ‘রেকর্ড বই’ নাম দিতেও কার্পণ্য করছেন না। অবশ্য এসব উপমা উড়িয়ে দেওয়ারও উপায় নেই। সালমানের সাম্প্রতিক ঈদ স্পেশাল বডিগার্ড সব রেকর্ড চুরমার করে দিয়েছে। ২০০৯-এ ওয়ান্টেড, ২০১০-এ দাবাং এবং এ বছর বডিগার্ড—তিন ঈদেই সালমান যেন নিজেই নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিছুদিন আগ পর্যন্তও দাবাং ছিল সর্বকালের সব বলিউডি ছবির মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশিআয় করা ছবি (১৪ কোটি রুপি)। বডিগার্ড ২১ কোটি ছয় লাখ রুপি আয় করে সেই রেকর্ড সহজেই ভেঙে দিয়েছে। প্রথম সপ্তাহের ছুটির দিনে এর আগে সবচেয়ে বেশি আয় করা ছবি ছিল দাবাং (৮১ কোটি), এরপর থ্রি ইডিয়টস (৮০ কোটি)। বডিগার্ড এই রেকর্ডও ভেঙেছে (৮৮ কোটি ৭৫ লাখ)। চোখ বন্ধ করেই বলে দেওয়া যাচ্ছে, বডিগার্ড হতে যাচ্ছে ভারতের সর্বকালের সবচেয়ে দ্রুত ১০০ কোটি রুপি আয় করা ছবি। এখন পর্যন্ত ১০০ কোটির তালিকায় ব্যবসার দিক দিয়ে এগিয়ে আছে যথাক্রমে থ্রি ইডিয়টস, দাবাং, রেডি, গজনী এবং গোলমাল ৩। এই হিসাবের সূত্র ধরে বলা যায়, কারিনা কাপুর হতে যাচ্ছেন বলিউডের একমাত্র নায়িকা, যাঁর ঝুলিতে থাকছে ১০০ কোটি রুপির তিনটি ছবি। বডিগার্ড-এর সাফল্য এখানেই শেষ নয়। ভারতের সীমানা পার করে বহির্বিশ্বও মাতিয়ে দিয়েছে খান সাহেবের দল। এর আগে ইউকে বক্স অফিসে প্রথম দিন সবচেয়ে বেশি আয় করা ছবি ছিল শাহরুখের মাই নেম ইজ খান (১,৯১,০০০ পাউন্ড)। বডিগার্ড-এর আয় ১,৯৪,০০০ পাউন্ড। সালমান খানের ভক্তরা এই হিসাব-নিকাশ নিয়ে বেজায় খুশি। কারণ, শাহরুখ খানের রা ওয়ান, ডন টু দিয়ে এই অঙ্ক ছোঁয়া বেশ কঠিনই হবে। তবে সালমান বললেন ভিন্ন কথা, ‘আমি চাই রা ওয়ান আমার ছবিগুলোর চেয়েও বেশি ব্যবসা করুক।’ লন্ডনে এই প্রথম পরিবার ছাড়া ঈদ করেছেন সালমান। চিকিৎসার কাজে ঈদের আগেই সেখানে ভাইবোনকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন। তাঁর দেহে অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। তবে সালমানের মতে, ‘সফল অস্ত্রোপচার মানে তো এই নয় যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। এখন থেকে আমার নিজেকে একটু বেশিই আদর-আপ্যায়ন করতে হবে।’সালমানকে হিন্দি ছবির ‘গড’ মানেন তাঁর নায়িকা কারিনা কাপুর। সালমান-কারিনা জুটির আগের দুই ছবি বক্স অফিসে আমল না পেলেও বডিগার্ড-এর সাফল্য নিয়ে কারিনা নিশ্চিত ছিলেন। তাঁর মতে, অভিনয়শিল্পীরা কখনো ছবির ভাগ্য নির্ধারণ করতে পারেন না। একটা ছবির স্ক্রিপ্টই ছবির মূল নায়ক। কারিনা মনে করেন, জাব উই মেট-এর পর বডিগার্ড-এ মনের মতো চরিত্র পেয়েছেন। অনেক জল ঘোলা হয়েছে, কারিনা নাকি ছবির আইটেম গার্ল ক্যাটরিনা কাইফকে একহাত দেখে নেওয়ার জন্য শেষ মুহূর্তে তেরি মেরি গানে নিজেই পোশাক পরিকল্পনা, নৃত্য পরিচালনা—সব করেছেন। গুজব-গুঞ্জন উড়িয়ে দিয়ে কারিনা বলেন, ‘আমি এমন এক নায়িকা যার অন্য কোনো নায়িকাকে নিয়ে সময় নষ্ট করার মতো সময় নেই। বরং আমি প্রায়ই শুনি অন্য নায়িকারা আমাকে নকল করেন। ভুলে যাবেন না, আমার ঝুলিতেই আছে তিনটি ১০০ কোটির ছবি। আমিই ভারতের সবচেয়ে ব্যবসাসফল ছবি থ্রি ইডিয়টস, সবচেয়ে ব্যয়বহুল রা ওয়ান-এর নায়িকা। আমি আমার সঙ্গে প্রতিযোগিতা করছি, অন্য কোনো নায়িকার সঙ্গে নয়।’কারিনার হাতে এ মুহূর্তে প্রায় সব খানের বিপরীতেই ছবি আছে। তবে সালমান খান আরও বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বছরের মতো আগামী বছরও তাঁর দুটি ছবি মুক্তি পাবে, ক্যাটরিনার বিপরীতে যশরাজ ফিল্মসের এক থা টাইগার জুনে এবং সোহেল খান পরিচালিত শের খান ঈদে মুক্তি পাবে। হাতে আছে কিক, দাবাং ২-সহ বেশকটি ছবি, যা মুক্তি পেতে পেতে ২০১৩ হয়ে যাবে। সব মিলিয়ে সালমান খানের শিডিউল পাওয়া এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। রুম্মান রশীদ খান [বলিউড হাঙ্গামা, ট্রুথ ড্রাইভ, জি নিউজ, মিড ডে, টাইমস অব ইন্ডিয়া ডট কম অবলম্বনে]