বদমাশ শহীদ কাপুর
‘গত বছর হয়েছিলাম কামিনে, এ বছর বদমাশ। নির্মাতারা যে আমাকে কোন পথে ঠেলে দিচ্ছেন, তারাই জানেন’—নিজের ‘টুইটার’ পেজে শহীদ কাপুর বয়ান করেন তাঁর দুঃখের কথা। গত বছর বিশাল ভরদ্বাজের কামিনে করে ঝড় তুলে দেওয়া শহীদ এবার তাণ্ডব রচনার প্রস্তুতি নিচ্ছেন যশ রাজ ফিল্মসের ছবি নিয়ে। নাম বদমাশ কোম্পানি। বাস্তব জীবনের ‘লাভার বয়’ শহীদের ছবির নামগুলো যে কেন এমন হচ্ছে! অবশ্য পর্দার বাইরেও বেশি ভালো নেই পর্দার ‘বদমাশ’। সাবেক, বর্তমান এবং স্বপ্নে দেখা রাজকন্যা, থুড়ি প্রেমিকাদের নিয়ে ব্যাপক গ্যাঞ্জামের মধ্যে আছেন তিনি। সাবেক প্রেমিকা কারিনা কাপুরের সঙ্গে ২০০৫ সালে একটি ছবি করেছিলেন। বনি কাপুর প্রযোজিত সতীশ কৌশিক পরিচালিত সেই ছবি মিলেঙ্গে মিলেঙ্গের কাজ ২০০৭ সাল পর্যন্ত গড়ায়। ছবির শুটিং শেষ হলেও ডাবিং ঝুলে থাকে। কারিনা-শহীদ প্রেম-উপাখ্যানও তত দিনে বিদায় নেয়। প্রযোজক অনেক কষ্টে শেষ করেছেন সেই ডাবিং। এখন শুধু ছবিটি ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা। কিন্তু বাদ সাধেন ম্যাডাম কাপুর। তিনি কিছুতেই নায়ক কাপুরের সঙ্গে ছবির প্রচারণামূলক গানের শুটিং করবেন না। বাধ্য হয়ে শহীদ একাই কাজ করেন মিলেঙ্গে মিলেঙ্গের গানের শুটিংয়ে। ম্যাডাম কাপুর নতুন আরজি পেশ করেন, তিনি এককভাবে বিভিন্ন সাক্ষাৎকারে ছবির ঢাকঢোল পেটাবেন। তবে নায়কের সঙ্গে এক ফ্রেমে বন্দী হয়ে কোনো জায়গায় যাবেন না, তা কী করে হয়! দুজনের একজনকে ছাড়া অডিও সিডি মুক্তি, প্রিমিয়ার শো তো সম্ভব নয়। ছবির মুক্তি তাই এখন বিশ-বাঁও জলে।শহীদ কাপুরের আরেক ‘কথিত’ প্রেমিকা সানিয়া মির্জা অনেক নাটকের জন্ম দিয়ে সদ্য বিয়ের কাজও সেরে ফেলেছেন। বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়ারাও নেই শহীদের ‘বর্তমান ভালোবাসা’র তালিকায়। বদমাশ কোম্পানির নায়িকা আনুশকা শর্মার নাম অবশ্য বেশ শোনা গেছে। নিন্দুকেরা যদিও বলে, সবটাই ছবির প্রচারণা। আদতে আনুশকা-শহীদ শুটিংয়ে বন্ধুত্বও পাতাতে পারেননি। রইল বাকি এক—দীপিকা পাড়ুকোন। এই দুজন নিবু নিবু মোমের আলোতে নৈশভোজ সেরেছেন, একসঙ্গে দেশের বাইরে ছুটি কাটিয়েছেন—এ রকম অনেক গল্পই শোনা গেছে। গল্পগুলো কি সত্যি, নাকি শুধুই কল্পকাহিনি, এখনো আবিষ্কার করা যায়নি। তবে হঠাৎ করেই দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুরের ‘কথিত’ প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্য শহীদের ব্যাকুল হওয়ার খবর শোনা গেছে। শহীদের বাবা পংকজ কাপুরের প্রথম পরিচালিত ছবি মৌসুম-এ ক্যাটরিনাকে নায়িকা করার জন্য রীতিমতো বাবার সঙ্গে যুদ্ধ করেছেন শহীদ। অভিনেতা পংকজ কাপুর কখনোই অভিনয়ের সময় কোনো কিছু ছাড় দেননি, পরিচালনার ক্ষেত্রেও তা-ই করলেন। ছেলের আবদারে শুরু থেকেই ‘আপত্তি’ তাঁর। মৌসুম ছবিতে নতুন একটা মুখ দরকার, প্রতিষ্ঠিত কোনো নায়িকাকেই মানানসই মনে হবে না—পংকজ কাপুরের সাফ কথা। বাবার ছবিতে কাজ করার জন্য মায়ের ছবি পর্যন্ত ছেড়ে দিয়েছেন শহীদ। কিন্তু কেন? এ ব্যাপারে অবশ্য মুখে ‘নো কমেন্টস’ ট্যাগ লাগিয়ে ঘুরছেন তিনি। কিছুতেই এর বেশি শব্দ ব্যয় করতে রাজি হচ্ছেন না। বাবা অবশ্য সব ধরনের বিতর্ককে পাশ কাটিয়ে ছেলেকে অভিনয়ের প্রতি আরও মনোযোগী হওয়ার জন্য উপদেশ দিয়েছেন। একসময় শহীদ কাপুর সমালোচিত হয়েছিলেন শাহরুখ খানের অনুকরণ করতে গিয়ে। ধীরে ধীরে বিবাহ, জাব উই মেট শহীদের পায়ের নিচের মাটি শক্ত করে। কিসমত কানেকশন, কামিনে ছবিগুলোতে শহীদের অভিনয় সাধারণ থেকে বোদ্ধা দর্শকদের প্রশংসা কুড়ায়। এ প্রজন্মের অভিনেতাদের মধ্যে শহীদের নামটি সবাই উল্লেখ করেন। এ অবস্থান যেন কোনো কারণে নষ্ট না হয়ে যায়, এ ব্যাপারে পংকজ কাপুরের সজাগ দৃষ্টি। ছেলে অবশ্য নিজেও মাটি কামড়ে পড়ে আছেন। নাচে অভিজ্ঞ তিনি শুরু থেকেই। অভিনয়েও তিনি সমান স্বচ্ছন্দ। এবার এইট-প্যাক অ্যাবসও বানিয়েছেন। বাবার ছবিতে অভিনয়ের জন্য নতুন চেহারা তৈরি করছেন। শহীদ বলেন, ‘আমি প্রতিটি ছবিতে নিজেকে ভাঙতে চাই। লক্ষ করবেন, জাব উই মেট-এ শান্ত, অন্তর্মুখী চরিত্রে কাজ করেছি। কিসমত কানেকশন-এ পুরো উল্টোটা, বেশি কথা বলি। কামিনেতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে কাজ করলাম, এর মধ্যে একটা আবার তোতলার চরিত্র, আরেকটা মন্দ চরিত্র। বদমাশ কোম্পানিতেও ধোঁকাবাজের চরিত্রে কাজ করলাম। দর্শকেরা যাতে আমার একঘেয়ে চরিত্র দেখতে দেখতে ধোঁকা না খায়, সে চেষ্টাটা আমার বরাবরই থাকে। সুযোগ পেলে কখনো নারী চরিত্রেও কাজ করে নিজের মেধার প্রমাণ রাখতে চাই।’ আর আর খান, তথ্যসূত্র: ওয়েবসাইট