বদলে গেছে ঈদের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে আসছে ঈদুল আজহা। বিভিন্ন টেলিভিশনে নানা রকম অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে। এসব অনুষ্ঠানের ভিড়ে মনের মতো অনুষ্ঠান নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। আজ মনে পড়ছে সেই পুরোনো দিনের কথা, যখন এ দেশে একটি মাত্র টেলিভিশন কেন্দ্র ছিল। প্রথমে এর নাম ছিল ‘প্রমোটার্স কোম্পানি ঢাকা’। তারপর নাম হলো পাকিস্তান টেলিভিশন করপোরেশন, ঢাকা। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় টেলিভিশন শুরু হয়েছিল ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর।সে সময় অনুষ্ঠান ধারণ করার যন্ত্র ছিল না অর্থাৎ ভিটিআর ছিল না। সব অনুষ্ঠানই স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হতো। আমি সেই সময় ছোটদের অনুষ্ঠান বিভিন্ন আঙ্গিকে করতে চেষ্টা করতাম। ঈদের অনুষ্ঠানে ছোটদের গান, নাচ বিশেষ গুরুত্বের সঙ্গে করা হতো। কবি নজরুল ইসলামের গানই প্রাধান্য পেত। নামকরা কবিদের যেমন—গোলাম মোস্তফা, জসীমউদ্দীন, ফররুখ আহমদসহ অন্যান্য কবির গান ও কবিতা আবৃত্তি হতো। তবে লোকসংগীতে মারফতি, মুর্শেদি, লালন ফকিরের গানও হতো। এর সঙ্গে থাকত ছবি আঁকা। ঈদের চাঁদ দেখছে এমন সব ছবি। একটা কথা মনে পড়ছে, তখন ছোটদের অনুষ্ঠানে খুব বেশি চকমকে পোশাক-পরিচ্ছদ পরতে দেওয়া হতো না, তবে ঈদের অনুষ্ঠানে সবাই নতুন ঝকমকে পোশাক পরে আসত। সাদাকালো টিভিতে রঙের বাহার দেখা যেত না। প্রথম দিকে আমি একটি অনুষ্ঠান করেছিলাম রোজার ঈদে। সে সময় পুরান ঢাকায় গানের দল ছিল। তারা রাতে সেহরি খাবার জন্য পাড়ায় পাড়ায় গান গেয়ে রোজদারদের ঘুম ভাঙাত। সেই দলকে দিয়ে স্টুডিওতে গান করিয়েছিলাম। স্টুডিওজুড়ে ব্যাকগ্রাউন্ডে শহরের অলিগলির ছবি আঁকা ছিল। তারা ঘুরে ঘুরে তাদের গান শুনিয়েছিল। অনেকেই সেই অনুষ্ঠানের প্রশংসা করেছিলেন। কিন্তু সেই গানের দল আর দেখি না, পুরান ঢাকায় হয়তো আছে।সরাসরি প্রচার হওয়ার কারণে তখন বড় আঙ্গিকের অনুষ্ঠান করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু অনেক কষ্ট স্বীকার করেও তেমন অনুষ্ঠান করা হতো। বহু শিল্পীর সমন্বয়ে অনুষ্ঠান সাজানো হতো। তখন একক প্রযোজকের কাছে অনুষ্ঠান থাকত না, বড় অনুষ্ঠান প্রায় সবাই মিলেই প্রযোজনা করা হতো। সে এক মহা আনন্দের কার্যক্রম। এখনকার টিভি অনুষ্ঠান নির্মাণ বদলে গেছে, সমবেত নিঃস্বার্থ গঠনমূলক প্রচেষ্টা এখন বিরল।ঈদের বিশেষ নাটক ছিল দর্শকের প্রিয় অনুষ্ঠান। দিনের শেষে অনুষ্ঠান থাকত নাটক। তখন ঢাকার বসতবাড়ি ছিল দুই রকমের। টিভি না থাকা বাড়ি আর টিভি থাকা বাড়ি। এই টিভি থাকা বাড়িতেই বেশি ভিড় জমত। টিভি না থাকা বাড়ি থেকেই ঈদের অতিথি বেশি আসতেন। লক্ষ করেছি, টিভি আসার পর আমাদের সমাজ হঠাৎ করেই পাল্টে গেল। ঈদের অতিথিদের সমাদর করার সময় কমে গেল। কারণ সামনে টিভি অনুষ্ঠান আর অতিথি যদি ‘না টিভি’ বাড়ি থেকে আসলেন, তাহলে শেষ নাটক না দেখে ঘরমুখী হবেন না। তবে দুই পক্ষের কারও বিশেষ অসুবিধে হতো না, দৃষ্টি টিভির পর্দায় রেখে শুষ্ক হাস্য দিয়ে এক-দুটো কথা বললেই দুই পক্ষের সময় কেটে যেত। এখন সব বাড়িতে টিভি থাকায় সে দিনকার আচরণ একটু কমেছে।এ কথা জোর দিয়েই বলা যায়, তখনকার অনুষ্ঠানের মান ও রুচিবোধ অন্য রকম ছিল। আমাদের কাছে বাঙালি সংস্কৃতি এখনো পুরোনো হয়ে যায়নি। ঐতিহ্যকে পুরোনো ভেবে বিচারবিহীন নতুনত্বকেই অন্ধের মতো কেউ কেউ গ্রহণ করতে চান। এই নতুন পৃথিবী কেবল প্রযুক্তির আবির্ভাবেই নতুন হয়নি, মানুষের আধুনিক ধ্যানধারণা ও যুক্তির প্রতি আস্থা, বিজ্ঞানের প্রতি আস্থা, ব্যক্তি মানুষের প্রতি শ্রদ্ধা, মানবমুক্তির আদর্শের ওপর শ্রদ্ধা দিয়ে আধুনিক মানবসমাজ গড়ে উঠেছে। খোলা চোখের মুক্তমনের মানুষই তৈরি করতে পারে খোলা চোখের মিডিয়া। ঐতিহ্য সঙ্গে নিয়েই শুরু করতে হবে নতুন আলোকিত পথে। এখানে বলা প্রয়োজন, আমরা যদি দেশ বিদেশের মানবিক সম্পদ আহরণ করতে চাই, আধুনিক হতে চাই, আধুনিক টেলিভিশন করতে চাই, তাহলে দুটো জিনিসের প্রয়োজন হবে। বিদেশে যাওয়ার পাসপোর্ট, আর যাতায়াতের জন্য টিকিট—ঐতিহ্য আমাদের পাসপোর্ট, বর্তমান আমাদের টিকিট। আধুনিক টেলিভিশনে দুটোই প্রয়োজন।