বদলে গেলেন সঞ্চালক
‘“কে হতে চায় কোটিপতি”র সঞ্চালক হওয়াটা আমার জন্য একেবারেই আকস্মিক। প্রথম এ অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আনিসুল হককে। তাঁর চোখে অস্ত্রোপচার হবে। তাই তিনি আমাদের সঙ্গে থাকতে পারছেন না। ব্যাপারটি খুবই দুঃখজনক।’ বললেন আসাদুজ্জামান নূর। ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের নতুন সঞ্চালক হলেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপসী বাংলার উইন্টার গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির নতুন সঞ্চালক আসাদুজ্জামান নূরের সঙ্গে পরিচয় করিয়ে দেন আনিসুল হক। আনিসুল হক বললেন, ‘অনুষ্ঠানটির শুটিংয়ে দীর্ঘ সময় মনিটরের দিকে তাকিয়ে থাকতে হবে। আর তা কয়েক মাস। এদিকে চোখেও একটা অস্ত্রোপচার করতে হবে। এসব কারণে চিকিৎসক আমাকে অনুষ্ঠানটি না করার পরামর্শ দিয়েছেন। অনুষ্ঠানের মান রক্ষার স্বার্থে আমি অংশ নিতে পারছি না।’সঞ্চালকের দায়িত্ব নেওয়ার পর দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা আসাদুজ্জামান নূর বললেন, ‘আমরা একদিকে আনন্দিত, অন্যদিকে বেদনাহত। আমরা চেয়েছিলাম, আনিসুল হকই অনুষ্ঠানটি সঞ্চালনা করুন। হঠাৎ তাঁর চোখে সমস্যা হওয়ার কারণে সঞ্চালকের দায়িত্ব এখন আমাকেই নিতে হচ্ছে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু ও ডেলটা বে’র ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন।