বদলে দেওয়ার প্রত্যয়ে ‘ভোর হলো’র যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বদলে দেব বাংলাদেশ’—এ প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ গ্রাম থিয়েটারের শিশুসংগঠন ‘ভোর হলো’। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজা উৎসবমুখর হয়ে উঠছিল সারা দেশ থেকে আসা শিশু-কিশোরদের সমাবেশে। ভোর হলোর প্রথম জাতীয় সম্মেলন হলো এখানে। বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশন ও ঢাকা থিয়েটার ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’ শিরোনামের এই আয়োজন করেছিল।সকালে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, শিমূল ইউসুফ, হাসান আরিফ ও হুমায়ূন কবীর। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল প্রকৃতির সকল বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে উন্নত বাংলাদেশ গড়ব, যেখানে জাতি-ধর্ম-শ্রেণীভেদ থাকবে না। সমতা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সবার মানবিক গুণাবলি বিকশিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের আশা আমরা এখনো ছাড়িনি। মুক্তিযুদ্ধের আলোয় সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমরা ভোর হলোতে একত্র হয়েছি। আগামী দিন যাতে তোমরা বাংলাদেশকে বদলে দিতে পারো।’আলোচকেরা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। গ্রাম থিয়েটার সারা দেশের শিশুদের নিয়ে জাতীয়ভিত্তিক সংগঠন করে সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার আলোয় তাদের দেশ সামনে এগিয়ে নিতে উদ্বদ্ধু করতে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।নানা কর্মসূচির মধ্য দিয়ে কেটেছে সারা দিন। আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের ৬০টি সংগঠনের চার শতাধিক শিশু-কিশোর এই সম্মেলনে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর পর্যন্ত ছিল সাংগঠনিক কার্যক্রম। বিকেল থেকে শুরু হয় প্রতিযোগিতাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে অতিথি ছিলেন কথাশিল্পী আনিসুল হক। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে—আবৃত্তিতে কবি সুফিয়া কামাল সনদ, মুক্তিযুদ্ধের গল্প বলায় শহীদ জননী জাহানারা ইমাম সনদ, সংগীতে শহীদ আলতাফ মাহমুদ সনদ, চিত্রাঙ্কনে পটুয়া কামরুল হাসান সনদ, অভিনয়ে সেলিম আল দীন সনদ ও নৃত্যে বুলবুল চৌধুরী সনদ বিতরণ করা হয়।