বদলে যাওয়া তিন্নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তি ন্নি যেন অমাবস্যার চাঁদ! আজ দাওয়াত তো কাল অনুষ্ঠান। পরশু আবার মেয়ে ওয়ারিশাকে নিয়ে দারুণ ব্যস্ত। যখন তিন্নির মুখোমুখি হওয়া, সন্ধ্যা তখন পেরিয়ে গেছে। শুটিং শেষ করে একসঙ্গে বাসায় ফিরেছেন অভিনয়শিল্পী হিল্লোল-তিন্নি দম্পতি। মেকআপ তুলেই হাসিমুখে কথা শুরু করলেন তিন্নি। শুরুতেই মোটামুটি এক ধাক্কা। মাস দুয়েকের মধ্যে যাঁরা তিন্নিকে দেখেননি, তাঁরা সবাই নিশ্চিতভাবে এই ধাক্কাটা খাবেন। ওজন ২০ কেজি কমিয়ে নিজেকে একদম বদলে ফেলেছেন এই কয়েক মাসে। কীভাবে? ‘চলচ্চিত্র করছি, সেভাবে নিজেকে তৈরি করতে হবে না! বলতে পারেন নিজেকে বদলে ফেলেছি অনেকটাই।’সেই বদলে যাওয়া কি শুধু বাইরে, নাকি ভেতরেও? ‘ভেতরে-বাইরে দুদিকেই। আগে আমার ঘুম ভাঙত বেশ বেলা করে। আর এখন আমার দিন শুরু হয় ভোর ছয়টায়, ওয়ারিশার কান্না শুনে। এরপর ওয়ারিশার খাওয়াদাওয়া, গোসল—সবকিছু সেরে শুটিংয়ে বের হতে হতে দুপুর ১২টা বেজে যায়। বাচ্চাকে ঘিরেই এখন আমার দুনিয়া। আগের তিন্নির সঙ্গে এই তিন্নির আকাশ-পাতাল তফাত।’সেটে দেরি করে আসা, শিডিউল ফাঁসানো—সেই পুরোনো অভিযোগগুলো এখনো তিন্নিকে ঘিরে প্রচুর। ওখানে তো খুব একটা বদল নেই। ‘আমার তো বাচ্চা, সংসার সামলাতে হয়। সবকিছু মানিয়েই কাজ করতে হয়। আমি তো কাউকে গিয়ে বলিনি যে আমাকে কাজ দেন। যাঁরা আমাকে নাটকে নিচ্ছেন, তাঁরা তাহলে কেন নিচ্ছেন? নিন্দুকদের আসলে বলার মতো কথার অভাব হয় না।’ কাউকে কোনো দিন ইচ্ছে করে শিডিউল ফাঁসাননি দাবি করে তিন্নি বললেন, ‘আমি আসলে ভালোবাসার কাঙাল। কেউ যদি আমাকে ভালোভাবে বলে, উপযুক্ত সন্মান দেয়, সেখানটায় কোনো সমস্যাই থাকে না। কিন্তু পরিচালকের কাজের ধরন, ব্যবহার সবকিছু আমার মনের মতো না হলে কেন জানি সমস্যার শুরু হয়।’ সম্প্রতি হুমায়ূন আহমেদের লেখা অরুণ চৌধুরীর পরিচালনায় লীলাবতী ধারাবাহিকে মায়ের চরিত্র করেছেন তিন্নি। ‘আমার তখন অনেক শরীর খারাপ। ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। তাও আমি কষ্ট করে তিন বাচ্চার মা রমিলার চরিত্রটা করেছি। প্রচুর অভিনয়ের জায়গা আছে এই চরিত্রটাতে। পার্শ্বচরিত্রকে এই সময়ের অভিনেতারা খুব একটা গুরুত্ব দেন না। কিন্তু কোনো চরিত্রই যে কম নয়, তা আমি এই নাটক করতে গিয়ে বুঝেছি। রমিলার মতো এমন মায়ের চরিত্র হলে আরও এমন কাজ করতে চাই।’ বলছিলেন তিন্নি। সামনেই ইফতেখার আহমেদ ফাহমির চলচ্চিত্র টু বি কন্টিনিউতে কাজ শুরু করতে যাচ্ছেন তিন্নি। এটাই ফাহমির প্রথম চলচ্চিত্র, তিন্নিরও। ‘বড় পর্দায় কাজ করা আমার অনেক দিনের স্বপ্ন। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই। তাই সে রকমই কাজই করতে চাই। এরপর একেবারে নাচ-গানওয়ালা বাণিজ্যিক ছবিতে অভিনয় করার ইচ্ছা আছে। পরিচালক সোহানুর রহমান সোহানসহ আরও কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে। চলচ্চিত্রে আমি পাকাপোক্তভাবেই কাজ করব। এটাই আমার লক্ষ্য।’ শুধু অভিনয় নয়, গানও গাইছেন তিন্নি। একটি মিশ্র অ্যালবামে হিল্লোলের লেখা ভাবে মন অকারণ শিরোনামে একটি গান গেয়েছিলেন। সম্প্রতি হালিম তালুকদারের গোলমাল ধারাবাহিকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন জুয়েলের সুরে। সামনে গান নিয়েও কিছু করার ইচ্ছা আছে তিন্নির। তবে সবকিছুর ভিড়ে এখন প্রিয় মানুষগুলোকে নিয়েই ভালো থাকতে চান তিনি। ‘আমার দাদু বলতেন, “মানুষ আপন, টাকা পর; যত পারিস মানুষ ধর।” আমি এখন এই মানুষ নিয়েই বেঁচে থাকতে চাই। ভালো থাকতে চাই।’