বদলে যাওয়া মম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মম ছবি: কবির হোসেন
মম ছবি: কবির হোসেন
মম
মম

‘আমার বাচ্চাটা কিন্তু আহ্লাদের কৌটা হয়েছে।’—কথাটি বলেই ছেলের কান্না থামাতে ব্যস্ত মা তার সামনে খুলে দিলেন কম্পিউটার। ছেলে এখন কম্পিউটারে গেম নিয়ে মজেছে। দুপুর সাড়ে ১২টা। আমরা বসে আছি জাকিয়া বারী মম-এর ধানমন্ডির বাসায়। মমর কি আজ শুটিং নেই, এই দুপুর বেলায় বাসায় বসে মেতে আছেন ছেলেকে নিয়ে?
‘আসলে আমি আজ থেকে নয়, ছেলেকে নিয়ে মেতে আছি গতকাল পয়লা বৈশাখ থেকে। ছেলেকে নিয়ে কাল আমরা ধানমন্ডির আট নম্বর ব্রিজে গিয়েছিলাম।’ এরপর তিন বছর বয়সী ছেলে উদ্ভাসকে বললেন, ‘বলো তো বাবা, কালকে কী কী কিনে দিয়েছি তোমাকে? আমার জানপাখিকে আমি কালকে বেলুন কিনে দিয়েছি, গাড়ি কিনে দিয়েছি, চরকি কিনে দিয়েছি।’—মমর কথা থামল। মায়ের কোলে গুটিসুটি মেরে আছে উদ্ভাস। এর মধ্যে দূরে কোথাও মুঠোফোন বেজে ওঠার শব্দে মায়ের কোল ছেড়ে ছুটে গেল সে। মুঠোফোনটি হাতে নিয়ে ফিরে এল কিছুক্ষণ পর। এবার ফোনটি দিল মমর হাতে, ‘এই তো আমার কাজের ছেলে রহিমউদ্দিন!’—মায়ের আনন্দিত কণ্ঠ। বললেন, ‘আমার ছেলে আমার সব। দেখলেন তো, ও এভাবেই মাকে সাহায্য করে।’

মম
মম

মা-ছেলের কাহিনি জানা গেল। এবার অভিনয়শিল্পী মমর জগতে একটা চক্কর দিয়ে আসি। টেলিভিশনের ছোট্ট বাক্স পেরিয়ে মম এখন আবার সিনেমার আলো ঝলমলে ভুবনে ফিরেছেন। ২০০৭ সালে দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের মধ্য দিয়ে যে তারকার জন্ম হয়েছিল, বেশ কয়েক বছর বাদে প্রেম করব তোমার সাথে ছবির মাধ্যমে তিনি আবার ফিরলেন সিনেমায়। মাঝখানের এই বিরতিটি তবে কেন?
‘এই সময়ে আমি নিজেকে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করেছি। একটা সময় চলচ্চিত্রের মানুষজন টেলিভিশনের ছেলেমেয়েদের সেভাবে ওয়েলকাম করতেন না। কিন্তু এখন দিন বদলেছে। তাঁরা এখন আমাদের নিয়ে কাজে আগ্রহী। তাই আবার কাজ করছি।’
মম যে দিনে দিনে নিজেকে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করেছেন, তাঁকে দেখেও ঠাওর করা গেল সেটি। শরীর থেকে ঝেড়ে ফেলেছেন বাড়তি মেদ—৭৮ কেজি থেকে এক লাফে নেমে এসেছেন ৫৯-এ।

মম
মম

নিজেকে বদলে ফেলার রহস্য কী?
‘তেমন কিছুই না। আমি আমার খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছি—ভাত খাওয়া বাদ দিয়েছি। শরীরের ওজন কমাতে জিহ্বার মিঠা বাদ দিতে হয়েছে, বুঝেছেন ভাই?’
এই মমকে দেখে তাঁর বদলগুলো বুঝতে পারি আমরা। আবার চলচ্চিত্রের দিকে ধাবিত হওয়ার জন্য তিনি যে বেশ কোমর বেঁধে নেমেছেন—সেটিও আর অজানা থাকে না। সম্প্রতি প্রেম করব তোমার সাথে-এর পর ছুঁয়ে দিলে মন নামে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আলাপ-আলোচনা চলছে আরও বেশ কয়েকটি ছবির ব্যাপারে। মম বললেন, ‘মঞ্চ, টেলিভিশন, সিনেমা এগুলো হলো মাধ্যম। আর সবখানেই আমার কাজ অভিনয় করা। অভিনয়টিই আমি নিখুঁতভাবে করতে চাই। সেটি কোন মাধ্যমে করলাম, তা তেমন মুখ্য বিষয় নয়। আমাদের দর্শকেরা ভালো কিছু, ভালো কাজ দেখার জন্য মুখিয়ে আছেন।’
আমাদের কথার মাঝপথে ঘরে ঢুকলেন নাট্যনির্মাতা এজাজ মুননা। তিনি বসলেন মা-ছেলের পাশেই। মমর দৃষ্টি এবার স্বামী মুননার দিকে, ‘মুননা উদ্ভাসের সব দায়িত্ব নিয়ে আমাকে ফ্রি করে দিয়েছে।’—বললেন তিনি।
একসময় একটি অনলাইনে সাক্ষাৎকার দিয়ে নানাভাবে আলোচিত-সমালোচিত হয়েছিলেন মম। সে প্রসঙ্গ টানতেই বেশ স্পষ্টভাবে মুখ খুললেন তিনি, ‘ওই সাক্ষাৎকারে আমি যা বলতে চেয়েছি তা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছেনি—অনেক রংচং মাখিয়ে কথাগুলো পরিবেশন করা হয়েছিল। তার পরও আমার মন্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করছি এ কারণে যে কথা বলার ব্যাপারে আমার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এ কথাও বলতে চাই, দায়িত্ব শুধু আমি একাই পালন করব এমন নয়, আমাদের সবাইকেই দায়িত্বশীল হতে হবে। একজন অভিনয়শিল্পী যেমন এক দিনে তৈরি হয় না, তেমনি তাঁকে যোগ্য করে গড়ে তোলা ও তাঁর কাজের যথাযথ মূল্যায়ন করার দায়িত্বও কিন্তু মিডিয়ার।’