বদলের ডাক
কখনো তিনি রংবাজ, কখনো প্রেমিক, কখনো বা গ্রামের বোকাসোকা ছেলে, আবার কখনো বা তিনি খেটে খাওয়া মানুষ। এমনই বিচিত্র চরিত্রে টিভি পর্দায় দেখা যায় মোশাররফ করিমকে। এবার মোশাররফকে দেখা যাবে অন্য এক চরিত্রে। তিনি বদলানোর আহ্বান জানিয়েছেন। বদলের ডাক দিচ্ছেন। সমাজকে বদলানোর জন্য কাজ শুরু করেছেন। নাটকের নাম লাইফ ইজ বিউটিফুল। এ নাটকে মোশাররফ করিম একজন জাপানফেরত বাংলাদেশি। দেশে আসার পর তিনি ঠিক করলেন যে আপাতত দেশেই থাকবেন এবং দেশের জন্য কিছু একটা করবেন। তিনি দেখলেন, প্রতিটি ক্ষেত্রেই আছে নানা সমস্যা। এ সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য ঠিক করলেন প্রথমে সমাজটাকে বদলাতে হবে। বদলে ফেলতে হবে সবাইকে। এ জন্যই মোশাররফ একটি সংগঠন গড়ে তোলেন।‘এ নাটকে কাজ করতে গিয়ে দেখলাম, আসলে এটা অনেক কঠিন একটা কাজ। সমাজ বদলানো মানে জগৎ জয় করা। আমাকে যখন পরিচালক এমন একটি গল্প শোনালেন, তখন মনে হলো, সাদামাটা গল্প হয়তো। কিন্তু কাজ করতে এসে দেখলাম, আসলেই এটি একটি ভিন্নধর্মী নাটক।’