
মুক্তিযুদ্ধের সময় দেশের প্রায় ২২টি জেলাজুড়ে সংঘটিত ভয়াবহ গণহত্যার কথা বলতে আসছে প্রামাণ্য চলচ্চিত্র বধ্যভূমিতে একদিন। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই ছবির প্রথম প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। এ জন্য সম্প্রতি রাজশাহীর বধ্যভূমি নিয়ে চিত্রধারণ শেষ হয়েছে।
এই প্রথম দেশের বধ্যভূমি নিয়ে সরকারি অনুদানে মুক্তিযুদ্ধে গণহত্যার ওপরে একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এর নির্দেশনা দিচ্ছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও প্রামাণ্যচিত্র নির্মাতা কাওসার চৌধুরী। রাজশাহীতে এ বিষয়ে চিত্রধারণের বড় কাজ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভূমিতে। এই কাজ করতে গিয়ে চলচ্চিত্রটির নির্মাতা কথা বলেছেন গলিত লাশের স্তূপ থেকে উঠে আসা মানুষ, শহীদ পরিবারের সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকের সঙ্গে। এর সঙ্গে সম্পৃক্ত করেছেন নতুন প্রজন্মের ছাত্রনেতাদের।
তাঁদের একজন আবদুল মান্নান সরকার। ১৯৭১ সালের ২১ অক্টোবর বিকেলে যখন জ্ঞান ফিরল, তিনি দেখলেন তিনি গলিত লাশের স্তূপের ওপরে পড়ে আছেন। তাঁর চোখ ঝাপসা। অনেকক্ষণ কিছু দেখতে পেলেন না। আস্তে আস্তে চোখ পরিষ্কার হলে দেখলেন, তাঁর শরীরে কোনো কাপড় নেই। এই লাশের স্তূপ একটি ইটভাটার ভেতরে। জায়গাটিতে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ শামসুজ্জোহা হলের নির্যাতনকক্ষ থেকে লাশ এনে ফেলা হতো এখানেই। আবদুল মান্নান সরকার এখনো বেঁচে আছেন। স্বাধীনতার ৪৬ বছর পর সেই বধ্যভূমিতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই দুঃসময়ের স্মৃতিচারণা করলেন। তাঁর সঙ্গে মিলিয়ে নেওয়া হলো নতুন প্রজন্মের অনুভূতি। এই পর্যায়ে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম, নাট্যকলা বিভাগের শিক্ষক আরিফ হায়দার, শহীদ চাঁদ মোহাম্মদের ছেলে হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রকাশনা দপ্তরের প্রধান আহমদ সফিউদ্দিন, ছাত্রলীগের জোহা হল শাখার সাধারণ সম্পাদক বরজাহান আলী ও শিশু ঔড়ব আজাদ।
সন্ধ্যায় বধ্যভূমির সিঁড়িতে সারি সারি মোমবাতি জ্বালানো হলো। ছিটিয়ে দেওয়া হলো গোলাপের পাপড়ি। ফুলে ফুলে ছাওয়া এই শহীদবেদিতে বসে যাঁরা কথা বলেন, মোমের আলোয় সবার মুখ আলোকিত হয়ে উঠল। এভাবেই বিশ্ববিদ্যালয় বধ্যভূমির শেষ দৃশ্য ধারণ করা হয়।
এ ছাড়া রাজশাহী নগরের শ্রীরামপুরের বাবলাবন এলাকায় আরও একটি বধ্যভূমি নিয়ে এই নির্মাতা কাজ করেন। সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে নাট্যকার মলয় ভৌমিকের সঙ্গে এই গণহত্যার গল্প বলতে বলতে নির্মাতা কাওসার চৌধুরী ঠিক নদীর পানির কাছে গিয়ে যখন বসলেন, তখন পশ্চিমাকাশে শুধু সূর্যের লাল আভাটুকু অবশিষ্ট ছিল।
কাওসার চৌধুরী বলেন, এর আগে ঢাকা, ঢাকার আশপাশ, চট্টগ্রাম, রংপুর, সৈয়দপুরে কাজ করেছেন। সব মিলিয়ে ২০ থেকে ২২টি জেলায় কাজ করবেন।