বন জভির ব্যতিক্রমী উদ্যোগ
মনমতো খাবারের অর্ডার দেবেন। খাবেনও পেটপুরে। কিন্তু দিতে হবে না কানাকড়ি বিলও! না, বাবার হোটেল নয়; সত্যি সত্যিই এমন একটা রেস্তোরাঁ খুলেছেন জন বন জভি। নিজের শহর নিউজার্সিতে সাড়ম্বরে উদ্বোধন হলো মার্কিন এই সংগীত-তারকার অভিনব এই রেস্তোরাঁ। নাম জেবিজে সোল কিচেন। এই রেস্তোরাঁর মূল দর্শন একটাই—‘যা খুশি আপনি পরিশোধ করুন’।খাবারের তালিকায় নেই কোনো মূল্য। কেবল প্রতি টেবিলে দেওয়া থাকবে খাম। খাবার শেষ করে যা খুশি এই খামে আপনি ভরে দিন। কেউ কিচ্ছু বলবে না। মানিব্যাগে টাকা নেই, কিংবা থাকলেও যৎসামান্য? লজ্জার কিছু নেই। আপনার জন্য খোলা আছে বিকল্প পথ। রেস্তোরাঁয় একটু কাজ করে দিন। কিংবা অংশ নিন জন বন জভি ফাউন্ডেশনের যেকোনো মহতী কাজে। চাইলে রেস্তোরাঁয় আপনি দান করতে পারেন আপনার পছন্দের যেকোনো জিনিস। আর এসব জিনিস কিংবা খামে ভরে দেওয়া আপনার টাকা চলে যাবে অসহায় মানুষের সাহায্যার্থে।এরই মধ্যে স্বল্প আয়ের মানুষের জন্য ২৬০টি বাড়ি বানিয়ে দিয়েছে এই ফাউন্ডেশন। এবার এই রেস্তোরাঁ। বন জভি জানালেন, তাঁর পরিকল্পনায় আছে আরও বড় কিছু করার। কিন্তু কেন এই উদ্যোগ? ‘অর্থনৈতিক মন্দায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, তাদের আয় কমেছে আশঙ্কাজনক হারে। যখন আমি জানলাম, আমাদের এ দেশেই প্রতি ছয়জনের একজন প্রতি রাতে ক্ষুধার্ত থেকে বিছানায় যায়, বুঝলাম এমন কিছু একটাই আমাদের করতে হবে।’ বলেছেন ৪৯ বছর বয়সী জন বন জভি।ঠিক রেস্তোরাঁ কেন বানালেন, সেটার ব্যাখ্যাও দিয়েছেন, ‘আসলে পরিবারের সবাইকে নিয়ে খেতে যাওয়া, মাকে রান্না করতে হবে না, বাবাকেও টেবিল পরিষ্কার করতে হবে না বরং ছুটির মেজাজ নিয়ে সবাই রেস্তোরাঁয় যাবে—এটা তো আমাদের পুরোনো সংস্কৃতি। তা ছাড়া রেস্তোরাঁর টেবিলগুলোর সঙ্গেও অনেক পারিবারিক স্মৃতি জড়িয়ে থাকে।’ পকেটে টান পড়ায় মানুষ রেস্তোরাঁয় যাওয়া কমিয়ে দিয়েছে। জন বন জভি চেষ্টা করছেন যথাসাধ্য।কিন্তু তাঁর এই একটা রেস্তোরাঁ দিয়ে তো আর পুরো আমেরিকার ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মিটবে না। বন জভি নিজেও তা জানেন। তবে যেকোনো উদ্যোগ তো শুরু করতে হয়। তাঁর আশা, সামনের দিনগুলোতে এগিয়ে আসবে অনেকেই। বড় তারকাদের রেস্তোরাঁ-ব্যবসা নতুন কিছু নয়। তবে শুধু ব্যবসার জন্য নয়, রেস্তোরাঁ যে সমাজের উপকারেও আসতে পারে, সেটাই যেন দেখিয়ে দিলেন এই তারকা।এসব ঠিকই আছে। কিন্তু তাঁর গানের কী খবর? সেটাও চলছে। তাঁর ব্যান্ডদল বন জভির জন্য গান লিখছেন। ২০১৩ সালে আসবে তাদের নতুন অ্যালবাম। ওই বছর ব্যান্ডদল নিয়ে বিশ্ব সফরেও বের হওয়ার পরিকল্পনা আছে তাঁর। শারমিন আখতারসূত্র: ইয়াহু নিউজ