
গান শুনতে গিয়ে অনেকটা সময় গল্প শুনে কাটালেন বন জোভির ভক্তরা। দেড় হাজার দর্শকের হাতে হাতে গানের লিরিক। নিউ জার্সির কাউন্ট বেসি থিয়েটার মিলনায়তনের মঞ্চে বন জোভি। সারা সন্ধ্যা ভক্তদের শোনালেন বহুদিনের জমানো গল্প। ভক্তদেরও একটাই জিজ্ঞাসা, ‘এত দিন কোথায় ছিলেন?’
ডুব মেরেছিলেন বন জোভি। কোটি ভক্তের জন্য তৈরি করছিলেন নতুন অ্যালবাম দ্য হাউস ইজ নট ফর সেল-এর গানগুলো। তিন বছর বিরতির পর বের হলো নতুন অ্যালবাম। প্রতিটি গানের পেছনে একটি করে গল্প। শনিবারের সেই কনসার্টে একে একে সেগুলোই শোনালেন তিনি।
তখন সবে নতুন শতকে প্রবেশ করেছে পৃথিবী। ‘ইটস মাই লাইফ’ গানটি দিয়ে ঝড় তুলেছিলেন বন জোভি। এরও আগে থেকে পপ সংগীতের ভুবনকে রীতিমতো কবজা করে রেখেছিলেন এই তারকা ও তাঁর দল। নতুন করে তাঁর কিছুই প্রমাণ করার নেই, প্রাপ্তিরও নেই কিছু। কনসার্টে উপস্থিত ভক্তদের উদ্দেশে নিজে থেকেই কথাগুলো বলছিলেন তিনি। কিন্তু তাঁর ছিল কথার স্তূপ। সেগুলো বলতে বলতে হালকা হচ্ছিলেন আর শোনাচ্ছিলেন ‘স্কেয়ারস অন দিস গিটার’, ‘লিভিং উইথ দ্য ঘোস্ট’, ‘নিউ ইয়ারস ডে’ গানগুলো। ‘লিভিং উইথ দ্য ঘোস্ট’ নাকি তাঁর স্বপ্নে পাওয়া গান। চার্চের পবিত্র জলে হাত-পা ধুতে দেখেছিলেন একজনকে। পরে মনে হলো এটা তো তিনি নিজেই। কথা আর গানের ফাঁকে পুরো অ্যালবামটাই গেয়ে ফেলেছিলেন। প্রকাশের আগেই তাঁর পুরো অ্যালবামের গান শোনানোর ঘটনা কিন্তু এটাই প্রথম। নতুন গানগুলো শুনতে শুনতে ফোনে সেগুলো রেকর্ড করছিলেন একদল ভক্ত। বন জোভি নিজেও জানেন সেগুলো উঠে যাবে ইউটিউবে। তাঁদের উদ্দেশে তিনি বললেন, ‘চালিয়ে যান।’ যদিও অক্টোবরের ২১ তারিখ পুরো অ্যালবামটিই মুক্তি পাচ্ছে।
২০১৩ সালে বন জোভি হারিয়েছিলেন দলের গিটারিস্ট রিচি স্যামবোরাকে। তাঁর জায়গায় এসেছেন নতুন গিটারিস্ট ফিল এক্স। রয়ে গেছেন দলের বিখ্যাত আর সব সদস্য—ড্রামার টিকু টোরিস, কিবোর্ডিস্ট ডেভিড ব্রায়ান, বেজ গিটারিস্ট হিউ ম্যাকডোনাল্ড, পারকাশনিস্ট এভরেট ব্র্যাডলি ও জন শ্যাঙ্কস। ২০০৫ সালের হ্যাভ আ নাইস ডে অ্যালবাম থেকে একসঙ্গে তাঁরা। ভিডিও শেয়ারিংয়ের সাইট ইউটিউব চালু হওয়ার পর পুরোনো গানগুলো তুলে দেওয়া হয়েছে তাতে। সেখানে দেখা যাবে বন জোভির মাদকতাপূর্ণ পুরোনো ‘লিভিং অন এ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘হ্যাভ আ নাইস ডে’সহ আরও অনেক গান।
বিলবোর্ড অবলম্বনে
রাসেল মাহ্মুদ