বনসাই প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বটবৃক্ষের বাতাসে পথিক শরীর জুড়ায়। এমন দৃশ্য শহরে কোথায় মিলবে? সেই বটবৃক্ষ ঘরের কোণে রাখতে চাইলে যেতে পারেন বনসাই প্রদর্শনী মেলায়। রাজশাহী বনসাই সোসাইটি প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করেছে বনসাই প্রদর্শনীর। গতকাল শনিবার সকালে গুলশান-১-এর ক্যাডেট কলেজ ক্লাবে বনসাই প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
প্রদর্শনীটি সাজানো হয়েছে প্রায় ২০০ প্রজাতির বনসাই দিয়ে। যার মধ্যে রয়েছে হিজল, পাকুড়, চায়না বট, কামিনী, টগর, তেঁতুল, বারসেরা, ফুকেনসহ দেশি-বিদেশি নানা বৃক্ষ। ছোট-বড় আকারের বিভিন্ন প্রজাতির বনসাই কেনা যাবে এখানে। দাম দুই হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত।
প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের সঙ্গে বনসাই তৈরির কলাকৌশল নিয়ে আলোচনা করেন বনসাইশিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেন, যাঁরা শহরে থাকেন, তাঁদের ছেলেমেয়েদের অনেকেই গাছপালা সম্পর্কে কিছুই জানে না। তাই তাদের এসব গাছপালা সম্পর্কে পরিচিত করতে এ ধরনের আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী, সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ও রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত।