ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে শুরু হয়েছে কে এম সবুজের একক বনসাই প্রদর্শনী। ‘লিভিং আর্ট’ শিরোনামে শুক্রবার এর উদ্বোধন করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।
প্রদর্শনীতে রয়েছে ১০০ প্রজাতির প্রায় ৪০০ বনসাই। দেশি ও বিদেশি জাতের বট থেকে বেশ কিছু বনসাই করেছেন শিল্পী। আছে আম, জাম, জামরুল, পেয়ারাসহ বিভিন্ন ফলের গাছের বনসাই। শিমুল, হিজল, তমাল, মহুয়া, হরীতকীর মতো দুর্লভ গাছের বনসাই প্রদর্শনীকে দিয়েছে আলাদা মাত্রা।
প্রদর্শনী ছাড়াও এগুলো বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ৩ লাখ টাকায়। তিন দিনব্যাপী প্রদর্শনী আগামীকাল রোববার পর্যন্ত চলবে।
সিলেটে ‘কবর’ নাটকের মঞ্চায়ন
বাংলাদেশের বেশ কয়েকটি নাট্যদল একাধিকবার নাটকটি মঞ্চায়ন করেছে। এর পরও যতবার প্রদর্শিত হয় ততবারই নাট্যকুশীলবদের অভিনয়-দক্ষতা ও নতুনত্ব চোখে পড়ে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মুনীর চৌধুরীর কবর নাটকটি মঞ্চায়নের মাধ্যমে তাই করে দেখাল সিলেটের নবশিখা নাট্যদল।
সন্ধ্যা সাতটায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে সংগঠনটির এক দশক পূর্তিতে নাটকটি মঞ্চায়িত হয়। নির্দেশক সুদীপ চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরিদুল ফারদিন। অভিনয় করেছেন আবদুর রাজ্জাক খান, শরিফ উদ্দিন, রাজীব দাস, রুহেনা খানম প্রমুখ। এর আগে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।