বনস্পতির ছায়ায় থাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোকে মাথায় রাখিনি উকুনে কাঁটবে বলে, মাটিতে রাখিনি পিঁপড়ে কামড়াবে বলে। বড় আদরের সন্তান তুই আমার।’ নিজের সন্তানকে নিয়ে আহ্লাদ করে অনেক মা-বাবার মুখেই এমন কথা শোনা যায়। কথাটি রূপক হলেও মিথ্যা নয়। মা-বাবা সন্তানকে এভাবেই আদরে বড় করে তোলেন। সন্তানের মনের কথাটি মুখে ফোটার আগেই নিজের প্রয়োজনের কথা ভুলে পূরণ করেন একেকটি আবদার। একদিন সে আদরের সন্তানটিও অবতীর্ণ হন বাবা কিংবা মায়ের ভূমিকায়।

ঠিক যেমনভাবে যত্ন নিয়ে মা-বাবা আমাদের বড় করে তোলেন, আমরা কি ঠিক তেমনভাবে রাখি তাঁদের মনের খোঁজ!

গোলাম মারুফ চৌধুরী কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। স্ত্রী-সন্তান আর মা-বাবাকে নিয়ে তাঁর পরিবার। মা সিদ্দিকা বেগম ও বাবা মো. গোলাপ মিঞাকে নিজের কাছে রেখেছেন। গোলাম মারুফ চৌধুরী বলেন, ‘মা-বাবা পাশে থাকলে সব সময় মনে হয় মাথার ওপরে একটি ছায়া রয়েছে। এ ছাড়া মা-বাবা চোখের সামনে থাকলে তাঁদের খাওয়া-দাওয়া, স্বাস্থ্য নিয়ে বাড়তি দুশ্চিন্তাও থাকে না।’ মা-বাবার সঙ্গে সংসারের অনেক বিষয় নিয়ে কথা বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শও নেন তিনি। সিদ্দিকা বেগম বলেন, ‘ছেলে-বৌমা, নাতি-নাতনিদের নিয়ে একসঙ্গে থাকাটা খুব আনন্দের। নাতি-নাতনিদের সময়ও ভালো কাটে, আমাদেরও ভালো লাগে।’ পরিবারের সবাইকে পাশে নিয়ে নিশ্চয়ই এ রকম সুন্দর সময় কাটানোর স্বপ্ন দেখেন বাংলাদেশের আরও এক কোটি ২০ লাখ প্রবীণ (তথ্যসূত্র:বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ)।

সন্তান হিসেবে শুধু নৈতিক তাড়না থেকে নয়, মানসিকভাবে মা-বাবাকে পাশে রাখতে হবে। রাখতে হবে মা-বাবার মনের খোঁজও। শুধু একসঙ্গে থাকা ও তাঁদের ভরণপোষণেই শেষ হবে না আপনার দায়িত্ব, সন্তান হিসেবে আপনার মা-বাবার ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দিতে হবে। আপনার মা-বাবার দেখভালের মাধ্যমে নিজের প্রবীণ বয়সের দেখভালের শিক্ষাটিও কিন্তু অজান্তে দিয়ে দিচ্ছেন আপনার সন্তানকে। তাই গুরুত্ব দিন মা-বাবার ছোট ছোট পছন্দের বিষয়ের দিকে। পূরণ করতে পারেন আপনার শখ পূরণ করতে করতে ভুলে যাওয়া তাঁদের কোনো শখ। হতে পারে সেটি বারান্দায় বাগান করা। আাাপনার দেখভাল করতে করতে হয়তো কখনো দূরে কোথাও ঘোরার সুযোগ পাননি তাঁরা, তাঁদের নিয়ে চলে যেতে পারেন পারিবারিক ভ্রমণে। এ ছাড়া পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁর মতামতও নিন।

আপনার প্রিয় খাবারটি যদি তিনি না ভোলেন, তাহলে তাঁর প্রিয় খাবারগুলো মনে রাখার দায়িত্বও আপনার। যেকোনো পারিবারিক সিদ্ধান্তে তাঁদের মতামত নিতে ভুল করবেন না। এতে উপকৃত হবেন আপনি নিজেই।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এ এস এম আতিকুর রহমান বলেন, ‘অনেক সময় মা-বাবার প্রতি যেভাবে, যতটুকু খেয়াল রাখার কথা, ততটা রাখা হয় না। এর কারণ হলো আমাদের শিক্ষাব্যবস্থা আর পারিবারিক শিক্ষা। আজকের তরুণ একদিন বৃদ্ধ হবেন, সেটি বিবেচনা করে বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে গুরুত্ব দিতে হবে।’

শুধু ঈদ, পূজা বা বড়দিন শুধু নয়—যেকোনো উৎসবে মা-বাবার জন্য উপহারটা কেনার আগে কৌশলে জেনে নিন তাঁদের প্রয়োজন ও পছন্দ। এমনকি তিনি কাউকে কোনো উপহার দিতে চান কি না, সেটিও জেনে নিন। ব্যস্ততার মধ্যেও পরিবারের অন্যদের পাশাপাশি বয়স্ক মা-বাবাকে সময় দিন। সেটি যে খুব বেশি কঠিন তা কিন্তু নয়। খাবার টেবিল কিংবা বিকেলের ধোঁয়া ওঠা চায়ের কাপেও জমতে পারে আড্ডা। নতুন আর পুরোনো মিলেমিশে এভাবেই দেখা হোক সামনে চলার দিনগুলো!