বনানী পূজামণ্ডপের সাংস্কৃতিক আয়োজন

চলছে শারদীয় দুর্গোৎসব। পূজামণ্ডপগুলো সেজেছে রঙিন সাজে। সেখানে আয়োজন করা হচ্ছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসব অনুষ্ঠানে হাজির হচ্ছেন দেশের তারকারা। কেউ হাজির হচ্ছেন হুট করে, কেউ আসছেন আমন্ত্রিত অতিথি হয়ে। যেমন—আজ সোমবার রাজধানীর বনানী পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সন্ধ্যা সাতটায় শুরু হবে এই আয়োজন। এর মধ্যে রয়েছে নাচ, গান, আবৃত্তি ও ফ্যাশন শো। আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা। থাকবে দেশের নামকরা মডেলদের নিয়ে ফ্যাশন শো। সাদিয়া ইসলাম মৌয়ের একক নৃত্যনাট্য থাকবে বনানী পূজামণ্ডপের অন্যতম আকর্ষণ। এ ছাড়া সরাসরি গান গাওয়ার কথা রয়েছে দিনাত জাহান, কোনাল, মেহরীন, নির্ঝর চৌধুরীসহ বেশ কয়েকজন সংগীতশিল্পীর। অনুষ্ঠানটির আয়োজক ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানান, প্রায় আড়াই-তিন ঘণ্টা ধরে চলবে সাংস্কৃতিক আয়োজন। তারপর চলবে বাউলগান।
তবে শুধু বনানীই নয়, রাজধানীর কলাবাগান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বেশ কিছু মণ্ডপে চলবে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।