বনানীর পূজামণ্ডপে বাঁধন-মৌটুসী

বুধবার রাতে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন আর মৌটুসী বিশ্বাসকে একসঙ্গে দেখা গেছে বনানী মাঠের পূজামণ্ডপে। এ সময় বাঁধনের সঙ্গে ছিল তাঁর মেয়ে সায়রা আর মৌটুসীও সঙ্গে এনেছিলেন মেয়ে আরিয়াকে। এই দুজন শিল্পীই জানিয়েছেন তাঁদের চেয়ে মেয়েরাই পূজামণ্ডপে এসে বেশি আনন্দ করেছে।
মৌটুসী কথা প্রসঙ্গে বলেন, ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং হচ্ছে। তাই পূজা মণ্ডপে আসার সময় বের করতে পারছিলাম না। শেষে একটু সময় পেয়ে বাঁধনের সঙ্গে যোগাযোগ করি। দেখি ও আগে থেকেই তৈরি হয়ে আছে। শেষে আমরা দুজন মিলে পূজা দেখতে বের হয়েছি।
বাঁধন বলেছেন, মেয়েকে নিয়ে পূজা দেখতে যাওয়ার পরিকল্পনা আমি আগেই করেছিলাম। সায়রা এখন সানবীম স্কুলে পড়ছে। পূজা নিয়ে ক্লাসে ওদের টিচাররাও বলেছেন। তাই ওকে নিয়ে পূজামণ্ডপে যাওয়া ছিল বেশি জরুরি।
বনানী মাঠের পূজামণ্ডপে গিয়ে বাঁধন আর মৌটুসীর দেখা হয়েছে নওরিন, হিরা, আইরিন, রাশেদ জামানসহ আরও অনেকের সঙ্গেই। পরে সবাই মিলে সেখানে সেলফিও তুলেছেন।
বনানী মাঠের পূজা মণ্ডপ থেকে বাঁধন ও মৌটুসী গিয়েছিলেন বসুন্ধরা আবাসিক এলাকার পূজামণ্ডপে। সেখানেও ছিলেন কিছুক্ষণ। পরে বাসায় ফিরেছেন অনেক রাতে।