সকাল থেকে সন্ধ্যা—সারা দিন কেটে গেল প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের বন্দনায়। জাতীয় কবির গান গাইলেন ও কবিতা আবৃত্তি করলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। গতকাল শনিবার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে নজরুলসংগীত শিল্পী পরিষদ। উৎসব শুরুর দিনে গতকাল ছিল শত শত মানুষের মিছিল। শ্রোতা-শিল্পীদের অপূর্ব মিলনমেলা হয়ে উঠেছিল গোটা মিলনায়তন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নজরুলসংগীতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সোহরাব হোসেন।সকালের শুরুতেই ছিল সমবেত কণ্ঠের গান। নবীন-প্রবীণ শিল্পীরা গেয়ে উঠলেন ‘জাগো অমৃতপিয়াসী চিত’। এরপর একক কণ্ঠে ‘বল বীর, বল উন্নত মম শির’ পরিবেশন করেন শিল্পী আবু আহমেদ।গানের পরপর পরিষদের পক্ষ থেকে শিল্পীদের সম্মাননা জানানো হয়। নজরুলচর্চা ও প্রসারে নিবেদিত বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফেরদৌসী রহমান এবং এম এ মান্নানকে নজরুল পদক দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশের ২০ জেলা থেকে আগত ২০ জন নজরুলচর্চাকারীকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা শেষে ছিল দেশের বিভিন্ন স্থান থেকে আসা জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় নজরুলসংগীতে প্রথম স্থান অধিকার করা শিশুশিল্পীদের পরিবেশনা। ‘খোল খোল খোল গো দুয়ার’, ‘বরষা এল’, ‘হে চিরসুন্দর’, ‘ফিরিয়া যদি সে আসে’, ‘হে প্রিয় আমারে দেব না ভুলিতে’সহ বেশ কিছু গান পরিবেশন করেন রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, সিরাজগঞ্জ, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার শিল্পীরা।বিকেলের অনুষ্ঠানে ছিল নজরুলসংগীতের আসর। সংস্কৃতিপ্রিয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় বিভিন্ন শিল্পী একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন।‘সুরে ও বাণীর মালা দিয়ে’, ‘নূপুর মধুর রুনুঝুনু’, ‘জানি জানি প্রিয় এ জীবনে’, ‘বনে মোর ফুল ঝরার বেলা’, ‘তুমি যখন এসেছিলে’, ‘এ কোন মধুর’, ‘ফুটল যেদিন ফাল্গুনে হায়’, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম’, ‘আমি জানি তব মন’সহ বেশ কিছু সংগীত পরিবেশন করেন শিল্পীরা।একক গান করেন ইয়াসমীন মুশতারী, প্রদীপ কুমার নন্দী, বিপাশা গুহঠাকুরতা, সুজিত মোস্তফা, চম্পা বণিক, আশীষ কুমার সরকার, রাশেদুল ইসলাম, ফেরদৌসী পারভীন, নাসরিন জাহান প্রমুখ।