বন্ড গার্ল হচ্ছেন পেনেলোপে ক্রুজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনেলোপে ক্রুজ
পেনেলোপে ক্রুজ

সবকিছু ঠিকঠাকমতো এগোলে জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে বন্ড গার্ল রূপে দেখা যাবে ফরাসি অভিনেত্রী পেনেলোপে ক্রুজকে। সিরিজের ২৪তম ছবিটির শুটিং শুরু হবে আগামী বছর। তখন ক্রুজের বয়স হবে ৪০ বছর। সেই হিসাবে বন্ড ছবির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বন্ড গার্ল হতে যাচ্ছেন তিনি।
১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘গোল্ডফিংগার’ ছবিতে বন্ড গার্ল পুশি গ্যালোর চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী অনার ব্ল্যাকম্যান। ছবিটি মুক্তির সময় তাঁর বয়স ছিল ৩৭ বছর। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সী বন্ড গার্ল হিসেবে ধরা হয় তাঁকে।
সম্প্রতি বন্ড সিরিজের পরবর্তী ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন পেনেলোপে ক্রুজ। এ মুহূর্তে বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করছেন বন্ড ছবির নির্মাতারা। রাজি হয়ে গেলে সবচেয়ে বেশি বয়সী বন্ড গার্ল হিসেবে উচ্চারিত হবে ৩৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রীর নাম। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘বরাবরই মেধাবী ও আবেদনময়ী তারকারা বন্ড গার্ল হওয়ার সুযোগ পেয়েছেন। মেধাবী ও আবেদনময়ী হিসেবে এক শতে এক শ পাওয়ার যোগ্যতা রাখেন পেনেলোপে ক্রুজ।’

বন্ড সিরিজের সর্বশেষ ছবি ‘স্কাইফল’ মুক্তি পেয়েছিল গত বছর। ছবিটিতে তৃতীয়বারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। আর বন্ড গার্ল চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেত্রী নাওমি হ্যারিস। ‘স্কাইফল’ ছবিতে মূল খল চরিত্রে ছিলেন পেনেলোপে ক্রুজের স্বামী ও স্প্যানিশ অভিনেতা জেভিয়ার বারডেম। পেনেলোপে তাঁর স্বামীর কল্যাণেই পরবর্তী বন্ড গার্ল হওয়ার প্রস্তাব পেলেন কি না, তা অবশ্য জানা যায়নি।