বন্ড তারকাদের নিয়ে আজ শুরু হচ্ছে ‘বন্ড ট্যুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ড চলচ্চিত্রের যাত্রার ৫০ বছরপূর্তি উপলক্ষে বন্ড চলচ্চিত্রের সব তারকাকে নিয়ে ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বন্ড ট্যুর, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আজ সোমবার এই ট্যুরের উদ্বোধন করবেন বন্ড তারকা স্যার রজার মুর।এখন পর্যন্ত জেমস বন্ড সিরিজের ২২টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, মুক্তির অপেক্ষায় আছে সিরিজের ২৩তম চলচ্চিত্র ‘স্কাইফল’। ১৯৬২ সালের ৫ অক্টোবর মুক্তি পেয়েছিল এ সিরিজের প্রথম চলচ্চিত্র ‘ডক্টর নো’। এরপর পেরিয়ে গেছে ৫০টি বছর। বিশ্বব্যাপী লাইভ কনসার্ট, প্রদর্শনীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বন্ড চলচ্চিত্রের যাত্রার ৫০ বছরপূর্তি উদযাপন করা হবে। তারই অংশ হিসেবে এ ট্যুরের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব জেমস বন্ড দিবস’ ঘোষণা করেছেন বন্ড প্রযোজকেরা। এ ট্যুরে বন্ড গার্ল ব্রিট একল্যান্ড, ইউনিস গেসান, শার্লি ইটনসহ আরও অংশ নেবেন বন্ড সিরিজের দুটি চলচ্চিত্রে ‘জ’ চরিত্র রূপদানকারী বর্ষীয়ান মার্কিন অভিনেতা রিচার্ড কিয়েল। সাত দিনব্যাপী এই ট্যুরে যুক্তরাজ্যের স্টোক পার্ক, ওয়েলসের পেনব্রিন সমুদ্রসৈকতসহ বেশ কয়েকটি জায়গায় থামবেন বন্ড তারকারা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি। ‘কোয়ান্টাম অব সোলেস’ চলচ্চিত্রে ব্যবহূত জেমস বন্ডের অ্যাস্টন মার্টিন ডিবিএস গাড়িতে চেপে ১৭ সেপ্টেম্বর সোমবার স্কটল্যান্ডের এইলিন ডোনান ক্যাসেলের উদ্দেশে যাত্রা করছেন রজার মুর। এই ক্যাসেলে বা দুর্গেই ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ চলচ্চিত্রের কয়েকটি দৃশ্যের শুটিং করা হয়েছিল। সেখানে এই ট্যুরের উদ্বোধনের পাশাপাশি সবার সঙ্গে ছবি তুলবেন রজার মুর। এ ছাড়া ১৯৬৩ সালে মুক্তি পাওয়া ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ চলচ্চিত্রের শুটিং হয়েছিল স্কটল্যান্ডের অরগিলে। ওই চলচ্চিত্রে ব্যবহূত হেলিকপ্টার ধাওয়ার একটি দৃশ্য নতুন করে সবার সামনে তুলে ধরা হবে এই ট্যুরে।