বন্ড দিবসে আইটিউনস চূড়ো ছুঁল বন্ড থিম সং
৫ অক্টোবর আন্তর্জাতিক জেমস বন্ড দিবসে মুক্তির পরপরই নতুন বন্ড ছবি ‘স্কাইফল’-এর ‘থিম সং’টি কয়েক ঘণ্টার মধ্যে আইটিউনস চার্টের শীর্ষে উঠে আসে।গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেলে। ৫ অক্টোবর সকাল থেকে অ্যাডেলের ওয়েবসাইটে ঢুকে গানটি ডাউনলোড করার সুযোগ পান সবাই। আর এমন লোভনীয় সুযোগ লুফে নিয়েছিলেন অসংখ্য বন্ড ভক্তের পাশাপাশি অ্যাডেলে ভক্তরাও। মূলত এ কারণেই কয়েক ঘণ্টার মধ্যে আইটিউনস চার্টের শীর্ষে জায়গা করে নেয় গানটি। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি মেইল। ‘স্কাইফল’ ছবির কেন্দ্রীয় চরিত্র রূপদানকারী ড্যানিয়েল ক্রেইগ গানটি সম্পর্কে বলেন, ‘এ গানটির জন্য শিল্পী বাছাইয়ের সময় যখন অ্যাডেলের নাম উচ্চারণ করা হয়েছিল, তখন আমি লাফিয়ে উঠে বললাম, ‘যে করেই হোক অ্যাডেলেকে দিয়েই গানটি গাওয়াতে হবে। কারণ, আমার মনে হচ্ছিল, এ গানটির জন্য যে ধরনের কণ্ঠ আর গায়কির ঢং আমরা খুঁজছিলাম, তা কেবল অ্যাডেলের মধ্যেই আছে।’ইতিমধ্যেই গানটির জন্য দারুণ সাড়া পেয়েছেন অ্যাডেলে। অথচ শুরুর দিকে তিনি ‘স্কাইফল’ ছবির জন্য গান গাইবেন কি না, তা নিয়েই রীতিমতো সন্দিহান ছিলেন। ‘স্কাইফল’ মুক্তি পাচ্ছে ২৬ অক্টোবর। তবে তার আগে লন্ডনে এর উদ্বোধনী প্রদর্শনী হবে ২৩ অক্টোবর।