বন্ড-ভক্ত শাহরুখ
নিজেকে জেমস বন্ডের একনিষ্ঠ ভক্ত দাবি করে বন্ড ছবির প্রতি ভালোবাসা প্রকাশ করলেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। ৫ অক্টোবর আন্তর্জাতিক জেমস বন্ড দিবসে এক টুইটার বার্তায় জেমস বন্ডের মতো চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানিয়েছেন ৪৬ বছর বয়সী এই ‘রা ওয়ান’ তারকা। টুইটার বার্তায় শাহরুখ লিখেছেন, ‘আমি জেমস বন্ডের মস্ত এক ভক্ত। সব সময় এ ধরনের চরিত্রে অভিনয়ের স্বপ্ন দেখে আসছি। কিন্তু প্রায়ই আমাকে বলা হয়েছে, নারী কিংবা আগ্নেয়াস্ত্র, এর কোনোটাই নাকি আমার সঙ্গে খুব একটা মানানসই নয়। এর চেয়ে হতাশার আর কী হতে পারে!’১৯৬৫ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ‘থান্ডারবল’ ছবি থেকে নিজের প্রিয় সংলাপের কথাও জানিয়েছেন শাহরুখ। তিনি জানান, জেমস বন্ডের অনেক সংলাপই তাঁর ভালো লাগে। সেগুলোর মধ্যে ‘থান্ডারবল’ ছবিতে জেমস বন্ডের একটি সংলাপ তাঁর কাছে অসাধারণ লাগে। ছবিটির একটি দৃশ্যে জেমস বন্ডকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি আগ্নেয়াস্ত্র সম্পর্কে অনেক কিছু জানেন, তাই না মিস্টার বন্ড?’ জবাবে তিনি বলেন, ‘না, তবে নারীদের সম্পর্কে অল্পবিস্তর জানি আমি।’জেমস বন্ড সিরিজের প্রথম ছবি ‘ডক্টর নো’ মুক্তি পেয়েছিল ১৯৬২ সালের ৫ অক্টোবর। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন শন কনোরি। এরপর এখন পর্যন্ত এই সিরিজের ২২টি ছবি মুক্তি পেয়েছে। এই সিরিজের ২২তম ছবি ‘কোয়ান্টাম অব সোলেস’ মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। আর ২৩তম ছবি ‘স্কাইফল’ মুক্তি পেতে যাচ্ছে চলতি মাসের ২৬ তারিখে।