বন্ডি বিচে সার্ফিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্রোতকে বশ মানাতে হবে। বন্ডি বিচের পাশে সেই প্রস্তুতি নিচ্ছেন তাহসান
স্রোতকে বশ মানাতে হবে। বন্ডি বিচের পাশে সেই প্রস্তুতি নিচ্ছেন তাহসান

দেশে-বিদেশে ঘুরতে কার না ভালো লাগে? আর আমি তো সৌভাগ্যবান সেসব মানুষের একজন, যারা কাজের সুবাদে ঘুরে বেড়ায় পৃথিবীর নানা প্রান্তে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে একটা কনসার্ট ছিল। কনসার্টের ফাঁকে সিডনি দেখা হয়ে গেল। ১০ দিনের সফরে অনেক কিছু দেখেছি। আজ আপনাদের শোনাচ্ছি বন্ডি বিচের গল্প।
সিডনি শহর থেকে সাত কিলোমিটার দূরে এই সমুদ্রসৈকত। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মাত্র এক কিলোমিটার। আর ক্ষুদ্র পরিসরের এই বিচ জয় করে নিয়েছে বিশ্বের নানা দেশের লোকজনের ভালোবাসা।
দুপুরের দিকে রওনা হলাম সেখানে। পাহাড়ি রাস্তা ভেঙে যখন গাড়িটা একটা বাঁক নিল, দূরে চোখে পড়ল অপূর্ব সুন্দর সৈকত! একফালি চাঁদের মতো আঁকা একটা বিচ। সূর্যের আলোয় সাদা বালু চোখ ঝলসে দেয়। অপূর্ব সেই দৃশ্য!
গাড়ি থেকে নামার পর সমুদ্রের এক মিষ্টি গন্ধ পেলাম। সেই মাতাল করা গন্ধ তাড়া করে হাঁটতে লাগলাম। মিহি সাদা বালুকণা আর পরিষ্কার নীল পানি। প্রকৃতিপ্রেমী যেকোনো মানুষের জন্য অতুলনীয় এক অনুভূতি। ভ্রমণ-সংক্রান্ত বিভিন্ন ব্লগে এই বিচের কথা এতবার পড়েছি যে দেখার খুব ইচ্ছে ছিল। বিচের বালুতে পা দিয়েই বুঝে গেলাম মোটেও বাড়াবাড়ি কিছু শুনিনি। প্রত্যাশা আর বাস্তবের মধ্যে কোনো দূরত্ব খুঁজে পেলাম না। প্রেমে পড়ে গেলাম পৃথিবীর শ্রেষ্ঠতম এই বিচের।
এর আগে অনেক সমুদ্রসৈকতে দেখার সুযোগ হয়েছে। কিন্তু এই বিচের একটা ব্যাপার মনে আলাদা করে গেঁথে আছে। এর ঢেউগুলো। অসংখ্য সার্ফার তাদের বোর্ড নিয়ে দুরন্ত স্রোতের সঙ্গে ছুটছে, যেন স্রোতকে বশ মানাতে হবে। অদ্ভুত একটা দৃশ্য! প্রতিটি ঢেউয়ের সঙ্গে লড়ে জেতার পর সার্ফারদের মুখের সেই হাসি খুব ঈর্ষণীয় লেগেছে। খুব ইচ্ছে হলো তাদের মতো উত্তাল স্রোত জয় করে ফিরতে।
কয়েক দিন আগে কক্সবাজারে একটি নাটকে কাজের জন্য বাংলাদেশের স্বনামধন্য সার্ফার জাফর আলমের কাছে সার্ফিংয়ে প্রশিক্ষণ নিয়েছি। তারপর থেকে এই খেলার প্রতি আমার দারুণ এক দুর্বলতা তৈরি হয়েছে। সার্ফারদের তীর্থস্থানে আসব আর সার্ফিং করব না, তাই কি হয়? আমিও ছুটলাম বোর্ড হাতে। হতে পারি আনাড়ি, তাতে কী? একবার যে ওই ঢেউয়ের স্বাদ পেয়েছি; সেই ঢেউকে আমার বশে আনতেই হবে।