বন্ডের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যাম স্মিথ
স্যাম স্মিথ

স্যাম স্মিথ কি পারবেন? জেমস বন্ড চলচ্চিত্রের ৫০ বছরের ইতিহাসে কেউ পারেনি। এর আগে ২৩টি ছবির প্রতিটি থিম সংই ছিল তুমুল আলোচিত। কিন্তু যুক্তরাজ্যের টপচার্টে এক নম্বরে পৌঁছানোর সৌভাগ্য হয়নি কারও। ঝুলিতে চার-চারটে গ্র্যামি অ্যাওয়ার্ড থাকলেও, স্যামের জন্য চ্যালেঞ্জটা কঠিনই বলতে হবে। এ বছর জেমস বন্ডের ২৪তম ছবি স্পেক্টার মুক্তি পাচ্ছে। ছবির থিম সং ‘রাইটিংস অন দ্য ওয়াল’ গেয়েছেন স্যাম স্মিথ।
‘স্টাইলিশ’ গোয়েন্দা জেমস বন্ডের জনপ্রিয়তা যেমন তুঙ্গে, তেমনি এই সিরিজের গানগুলোও সব সময় ছিল আলোচনায়। পুরোনো থিম সংগুলো নিয়ে কথা বলতে গেলে ‘ক্লাসিক’, ‘আইকনিক’ শব্দগুলো ঘুরেফিরে আসে বারবার। জেনে নিন, গত ৫০ বছরের ‘জেমস বন্ড’ সিরিজের পাঁচটি আলোচিত গানের টুকিটাকি।
স্কাইফল, অ্যাডেলে
২০১২ সালে অ্যাডেলে যখন স্কাইফল ছবির থিমসং গাইলেন, অনেকে ধরেই নিয়েছিলেন, এবার আর শীর্ষস্থান কেউ ঠেকাতে পারবে না। তবে শেষ পর্যন্ত ক্লাসের ‘ফার্স্ট গার্ল’ নয়, ‘সেকেন্ড গার্ল’ হয়েই থাকতে হয়েছে তাঁকে। যুক্তরাজ্যের টপচার্টে ‘স্কাইফল’ ছিল দ্বিতীয় স্থানে। ‘স্কাইফল’ই প্রথম বন্ড থিম, যেটি একাধারে গোল্ডেন গ্লোব, ব্রিট অ্যাওয়ার্ড ও একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল। ৮৫তম অস্কারের মঞ্চেও অ্যাডেলে ‘স্কাইফল’ গেয়েছিলেন।
আ ভিউ টু কিল, ডুরান ডুরান
১৯৮৫ সালে ডুরান ডুরানের গাওয়া ‘আ ভিউ টু কিল’ই একমাত্র থিম, যেটি বিলবোর্ড হট হান্ড্রেডে এক নম্বর অবস্থানে পৌঁছেছিল। যুক্তরাজ্যের টপচার্টে এর অবস্থান ছিল দুইয়ে। টপচার্টে দাপুটে উপস্থিতি থাকলেও আ ভিউ টু কিলের পুরস্কারের ঝুলি অতটা ভারী নয়। আশির দশকের জনপ্রিয় ব্যান্ডটি ২০০১ সালে পুনর্মিলনের আগে এটিই ছিল একসঙ্গে তাদের শেষ গান।
ডাই অ্যানাদার ডে, ম্যাডোনা
১৯৯৯ সালে জেমস বন্ডের দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ ছবির থিম গেয়েছিল গারবেইজ নামে একটি ‘অলটারনেটিভ রক ব্যান্ড’। পরের ছবির থিমের জন্য তাই জেমস বন্ডের নির্মাতারা একজন নামী শিল্পীকে খুঁজছিলেন। সে ভাবনা থেকেই ম্যাডোনাকে বেছে নেওয়া। ‘ডাই অ্যানাদার ডে’ সফলতা পেয়েছিল, কারণ অন্য জেমস বন্ডের গানগুলোর চেয়ে এটি একটু অন্য রকম। মজার ব্যাপার হলো, অনেকের কাছে গানটি ভালো না লাগার কারণও একই। ২০০২ সালে মুক্তি পাওয়া গানটির জন্য যুক্তরাজ্যের টপচার্টে ম্যাডোনা ছিলেন তৃতীয় স্থানে।

গোল্ডফিঙ্গার, শার্লি ব্যাসি
অনেকের কাছেই শার্লি ব্যাসি বন্ড থিমের ‘বস’! তিন-তিনটি জেমস বন্ড চলচ্চিত্রে গান গেয়েছেন—গোল্ডফিঙ্গার, ডায়মন্ডস আর ফরএভার ও মুনর্যাকার। কেউ কেউ বলেন, জেমস বন্ডের ধাঁচের সঙ্গে তাঁর গায়কিই সবচেয়ে ভালো মানায়। ২০১২ সালে স্কাইফল মুক্তি পাওয়ার পর সমালোচকেরা অ্যাডেলের প্রশংসা করতে গিয়ে শার্লি ব্যাসির সঙ্গে তুলনা করছিলেন। সেরা ১০০ হলিউডি চলচ্চিত্রের গানের তালিকায় আছে শার্লির গাওয়া গোল্ডফিঙ্গার।

ফর ইয়োর আইজ অনলি, শিনা ইস্টোন
স্কটল্যান্ডের গায়িকা শিনা ইস্টোন। তিনিই একমাত্র গায়িকা, যাঁকে ছবিতে গানের সঙ্গে পর্দায় দেখা গেছে। ১৯৮১ সালে মুক্তি পাওয়া ফর ইওর আইজ অনলি ছবিতে বন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন রজার মুর। তাঁর মতে, ছবিতে শিনার উপস্থিতি বন্ড গার্লদের চেয়েও বেশি আকর্ষণীয়। বিলবোর্ড টপচার্টে এটি ছিল চতুর্থ এবং যুক্তরাজ্যের টপচার্টে আট নম্বর স্থানে।

বিলবোর্ড, টেলিগ্রাফ ও ইয়াহু মিউজিক অবলম্বনে