বন্ডের হাফ সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিপছিপে একহারা গড়নের মানুষটির চোখ দিঘির নিস্তরঙ্গ জলের মতোই শান্ত। চলনে-বলনে ক্ষিপ্রতা আর বুদ্ধির ঝিলিক। সেই বুদ্ধির বলেই ৫০ বছর ধরে অপরাধ জগতের বাঘা বাঘা ডন ও মাফিয়াদের ধরাশায়ী করে চলেছেন। তিনি বন্ড...জেমস বন্ড। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের ডাকসাইটে গোয়েন্দা। যাঁর সাংকেতিক নাম ০০৭।খ্যাতিমান লেখক আয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি জেমস বন্ড-এর রুপালি পর্দায় অভিষেকের ৫০ বছর পূর্ণ হলো এবারই। কি বই, কি চলচ্চিত্র—সব মাধ্যমেই পাঠক ও দর্শকদের কাছে সমান জনপ্রিয় বিংশ ও একবিংশ শতকের দুর্ধর্ষ এই গুপ্তচর।১৯৫৩ সালে ফ্লেমিং কাল্পনিক এই চরিত্র সৃষ্টি করেন। একে একে লিখে ফেলেন ১২টি উপন্যাস। ১৯৬২ সাল থেকে সেসব গল্প সেলুলয়েডের ফিতায় আবদ্ধ হতে শুরু করে। সেই যে শুরু, আর পেছন ফিরে তাকাতে হয়নি বন্ড-নির্মাতাদের। এ পর্যন্ত বন্ড-সিরিজের ২৩টি চলচ্চিত্র নির্মিত হয়েছে। সবকটিই ব্যবসাসফল। প্রথম চলচ্চিত্র ড. নো, নায়ক ছিলেন শন কনরি, আর নায়িকা উরসুলা আন্দ্রেজ। সাগরবক্ষ থেকে উঠে আসা উরসুলার সাঁতারের পোশাক পরা সেই দৃশ্য আজও অনেক দর্শকের চোখে লেগে আছে।অবশ্য সবকালেই বন্ড-গার্লরা এমনই স্বল্পবসনা হয়ে বন্ডের বাহুডোরে আবদ্ধ হয়েছেন। এটি শুধু জেমস বন্ডকে মহিমান্বিত করার জন্য, নাকি চলচ্চিত্রের জৌলুস বাড়াতে, তা নিয়ে বিস্তর তর্ক আছে। ০০৭-এর ভূমিকায় আজ অবধি ছয়জন অভিনেতাকে দেখা গেছে। শন কনরির পর জর্জ লাজেনবি, রজার মুর, টিমথি ডাল্টন, পিয়ার্স ব্রসনেন এবং সাম্প্রতিক সংযোজন ড্যানিয়েল ক্রেইগ। জেমস বন্ড আন্তর্জাতিক ফ্যান ক্লাবের জরিপমতে, এই ছয় বন্ডের মধ্যে পিয়ার্স ব্রসনেনই সবচেয়ে জনপ্রিয়।তো জেমস বন্ড নামটি কোত্থেকে পেয়েছিলেন ঔপন্যাসিক ফ্লেমিং? জীবদ্দশায় সে প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়ে গেছেন। পাখি দেখতে পছন্দ করতেন তিনি। সে সূত্র ধরে একবার ক্যারিবীয় এক পাখিবিশারদের সঙ্গে পরিচয়। তাঁর নিরাসক্ত হাবভাব মনে ধরে ফ্লেমিংয়ের, এমনকি নামটিও। ভদ্রলোকের নাম ছিল জেমস বন্ড। পরে উপন্যাস লেখার সময় অ্যাংলো-স্যাক্সন এই মানুষের ছায়া পড়ে তাঁর গল্পে। আর ফ্লেমিং তাঁর গল্পের রসদ পান দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নৌবাহিনীর গোয়েন্দা শাখায় কাজ করার সময়। সে সময় অনেক সহকর্মীর বুদ্ধিদীপ্ত কাজকর্ম ও অনেকের ব্যক্তিত্বের সমন্বয়ে জেমস বন্ডকে গড়ে তোলেন ফ্লেমিং।পর্দায় বন্ডকে ডন-মাফিয়াদের ডেরা গুঁড়িয়ে দিতে, কখনো পাতানো ফাঁদ ছিন্ন করে বেরিয়ে আসতে দেখা যায়। এর সবই যে বন্ড শুধু বুদ্ধিবলে করেন তা নয়, দুঃসময়ে শত্রুর মোকাবিলা করতে তাঁর সঙ্গে সর্বক্ষণ অত্যাধুনিক কিছু গেজেট থাকে। ছোটখাটো গেজেটের মধ্যে থাকে পেন-গান নামে একধরনের কলমবোমা। লেজার বিমসমৃদ্ধ রোলেক্স হাতঘড়ি। আছে এস্টন মার্টিন ডিবি-৫ মডেলের অত্যাধুনিক গাড়ি। বুলেটপ্রুফ গাড়িটিতে মেশিনগান আছে। আছে প্যাসেঞ্জার ইজেক্টর, চাকা পাংচার হলে আপনা থেকে নতুন চাকা লাগানোর ব্যবস্থা। পুলিশকে ধোঁকা দিতে গাড়িতে আছে একাধিক নম্বর-প্লেট। আর বন্ডের সার্বক্ষণিক সঙ্গী ছোট্ট সেই আগ্নেয়াস্ত্র ওয়ালথার পিপিকে তো আছেই।পর্দায় বন্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি লন্ডনে বিশেষ এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে বন্ডের ব্যবহূত বিভিন্ন গেজেটের পাশাপাশি ঠাঁই পেয়েছে বন্ড-গার্লদের ব্যবহূত পোশাক-পরিচ্ছদ। প্রদর্শনীর বাইরে ১৯৬৪ সালে ব্যবহূত এস্টন মার্টিন ডিবি-৫ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন মোমের তৈরি শন কনরি। শেলফে ঝুলছে বন্ডের স্বর্ণ-বন্দুক। বিছানায় উপুড় হয়ে আছে অভিনেত্রী শার্লি ইটনের স্বর্ণের তৈরি দেহ। ডাই এনাদার ডে ছবিতে ব্যবহূত বরফ-প্রাসাদের একটি রেপ্লিকাও রাখা হয়েছে লন্ডনের ওই প্রদর্শনীতে।আবুল হাসনাতসিএনএন ও ওয়েবসাইট অবলম্বনে