বন্দনা থেকে অন্য রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসিফ ইকবাল ও মাহাদী। একজন গান লেখেন, আরেকজন তাতে কণ্ঠ দেন। কিন্তু এই দুজন এক হলেই সৃষ্টি হয় জনপ্রিয় সব গান। কী সেই রহস্য? তা জানতেই আসিফ ইকবাল ও মাহাদীর মুখোমুখি হয়েছিল আনন্দ।প্রথম ক্লোজআপ ওয়ানের আসর থেকে দুজনের পরিচয়। মাহাদী সেবার সেরা আট থেকে বিদায় নিয়েছিলেন। কিন্তু আসিফ ইকবালের কানে ঠিকই গেঁথে গিয়েছিল মাহাদীর কণ্ঠ। প্রতিষ্ঠিত গীতিকার, সুরকারেরা যখন আসরের সেরা পাঁচের দিকে বেশি আগ্রহী, আসিফ ইকবাল ও প্রিন্স মাহমুদ মিলে কাজ শুরু করলেন মাহাদীকে নিয়ে। কেন? ‘ওর গায়কী আমার কাছে অন্য রকম লেগেছিল। সে জন্যই মাহাদীকে নিয়ে কাজ শুরু করি।’ বলছিলেন আসিফ ইকবাল। এরপর বাজারে এল মাহাদীর প্রথম একক বন্দনা। সুনীল-বরুণাসহ অ্যালবামের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। ‘এই অ্যালবামে আমরা তিনজন এক হয়ে একটি টিমের মতো কাজ করতে চেয়েছিলাম। তিনজনের মধ্যে সেই বোঝাপড়াটা ছিল বলেই হয়তো অ্যালবামটি সবার কাছে ভালো লেগেছে।’ বলছিলেন মাহাদী। আসিফ ইকবাল বললেন, ‘বন্দনা অ্যালবামের গানগুলো জনপ্রিয় হবে—এই চিন্তা না করে দীর্ঘদিন বেঁচে থাকবে, এ রকম কিছু গান করার কথা ভেবেছিলাম। মাহাদীর ভিন্ন রকমের গায়কীর ওপর ভর করে আলাদা একটা স্টাইল দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। আর এ ব্যাপারটার মূল কৃতিত্ব প্রিন্স মাহমুদের।’মাহাদী অবশ্য শুরুর দিকে প্রচুর আড়ষ্ট ছিলেন গান গাওয়ার সময়। ‘আমি এতটাই নার্ভাস থাকতাম যে মহড়া করছি বলে আমার রেকর্ডিং করিয়ে নেওয়া হয়েছিল। পরে জানতে পেরেছিলাম, ওটাই ছিল আসল রেকর্ডিং।’ স্মৃতি রোমন্থনে চলে গেলেন মাহাদী। ‘সুনীল-বরুণা’ গানটির কথা দেখে প্রথমে তো ভড়কে গিয়েছিলাম। অপ্রচলিতভাবে লেখা গানটি কেমন হবে, এটা নিয়ে খুব দ্বিধায় ছিলাম। পরে অবশ্য সব দ্বিধা কেটে গিয়ে জায়গা করে নিয়েছে একরাশ ভালো লাগা আর শ্রদ্ধা। প্রিন্স মাহমুদ ও আসিফ ইকবাল না থাকলে এ রকম একটা অ্যালবাম জীবনেও পেতাম না।’মাঝখানে প্রিন্স মাহমুদের সুরে মিশ্র অ্যালবাম বোকায় ‘মেয়ে’ এবং ‘হাঁটি’ নামে দুটি গান গাইলেন মাহাদী। এরপর বাজারে এল অদিতের সুর ও সংগীতে এলিটার সঙ্গে দ্বৈত অ্যালবাম অন্তহীন। এখানেও গীতিকার আসিফ ইকবাল। ফলাফল এই অ্যালবামও জনপ্রিয়। ‘হার্ট অ্যাটাক থেকে ওঠার পর আমার স্ত্রী অনুরোধ করেছিলেন একটা নিটোল প্রেমের অ্যালবাম করতে। সেই চিন্তা থেকেই আমরা চারজন মিলে করলাম এই নিটোল প্রেমের গানের অ্যালবামটি।’ বলছিলেন আসিফ ইকবাল। মাহাদী, এলিটা, অদিত তিনজনই চমৎকার কাজ করেছেন।‘তবে অন্য রকম অ্যালবামটি আমার কাছে সব দিক দিয়েই অন্য রকম। এর আগে কোনো অ্যালবাম নিয়ে এত কষ্ট করিনি আমি।’ বলছিলেন মাহাদী। ‘পৃত্থী সংগীতগুরু তপন কান্তি বৈদ্যর ছেলে। বিশ্বজিৎ দার জন্য ও একটা গান করেছিল “মহামানবিক” নামে। গানটা শুনেই আমার ভালো লেগে যায়। যদিও শেষ মুহূর্তে গানটি দাদা আমাকে দিয়ে দিয়েছেন। ধন্যবাদ দিয়ে তাঁকে খাটো করতে চাই না।’ আসিফ ইকবাল বললেন, ‘প্রিন্স মাহমুদ, অদিতের পর পৃত্থীকে আমরা পছন্দ করলাম, কারণ ওর ভেতরে প্রচুর সম্ভাবনা দেখতে পেয়েছিলাম। বয়স হলেও পৃত্থী অনেক ভালো মিউজিশিয়ান। প্রচণ্ড মেধাবী এবং অসম্ভব সুন্দরভাবে তাল ভাঙতে পারে। এই কাট পেস্টের যুগে এ রকম তাল নিয়ে রিদম ধরে ধরে কাজ করেছে অন্য রকম অ্যালবামে। এটা কিন্তু কম কথা নয়। আগের মতো এখানেও আমরা তিনজন একটা টিম হয়ে কাজ করেছি। কৃতিত্ব কারও কম বা বেশি নয়। গানের কথা, সুর, সংগীত আয়োজন থেকে গায়কী প্রতিটি জায়গায়ই আমাদের তিনজনের সমান অবদান ছিল।’মাহাদী বলে উঠলেন, ‘তবে একটা ব্যাপার। পৃত্থী যতটা ভালো সুরকার, তার থেকেও ভালো গায়ক। ওর গলার গভীরতা, কারুকাজ প্রচুর। ওর সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে আমাকে এই অ্যালবামে গান গাইতে হয়েছে। কিছু কিছু জায়গায় আমার থেকে ও গাইলে ভালো হতো বলে আমার কাছে মনে হয়েছে।’ ‘রক্তে গান থাকলে সেটা কোনো না কোনোভাবে বের হবেই। অন্য রকম অ্যালবামে “ভয়” গানটি পৃত্থীর গাওয়া। সত্যি বলতে কি, ওর গাওয়া শুনে আমি নিজেও অবাক। আধুনিক একটা গান। আমার কাছে তো মনে হয়, আমরা ১০ বছর পরের গান এখন করে ফেলেছি।’এ তো গেল গানের সম্পর্ক। এর বাইরে দুজনের সম্পর্কটা কেমন? ‘২০০৮-এর ঘটনা। আমি টের পাচ্ছিলাম হার্ট অ্যাটাক হতে যাচ্ছে। পাশে আমার স্ত্রী দিশেহারা হয়ে সবার আগে যাকে ফোন করল, তার নাম মাহাদী। মাহাদীও পাগলের মতো ছুটে এসেছিল সেদিন। মনে আছে জ্ঞান হারানোর আগমুহূর্তে মাহাদীর মুখ দেখেছিলাম। মাহাদীর সঙ্গে আমার সম্পর্কটা এ রকম।’ বলছিলেন আসিফ ইকবাল। মাহাদী বললেন, ‘আসিফ আমার কাছে শুধু গুরুজন বললে ভুল হবে। আমার সবকিছুর অভিভাবক এখন তিনি। আমার যেকোনো সুবিধা, অসুবিধা আমি তাঁর সঙ্গে আলোচনা করি। তাঁর ছায়া আমার কাছে বিশাল বড় একটা পাওয়া।’