বন্দরনগরে শুভ্রা-সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাগ নন্দ দিয়ে শুরু। প্রথমে তিন তালে বিলম্বিত—এরপর এক তাল মধ্যলয় হয়ে ত্রিতাল দ্রুতলয়। টানা ৪৫ মিনিট চলল সুরের নাচন, হূদয়ছোঁয়া সুরের আবেশে মোহিত দর্শকেরা। এবার দর্শকদের উদ্দেশে শিল্পীর প্রশ্ন, ‘আরেকটি রাগ শুনবেন না ঠুমরি?’ দর্শকদের চাওয়াই পূরণ করলেন রাগ বসন্ত শুরু করে। শুধু এটুকু বললেন—‘যদিও বসন্ত চলে গেছে, তবুও এ রাগ আপনাদের ভালো লাগবে আশা করি।’ ‘আইয়ি বসন্ত কি বাহার...’ শব্দগুলো যখন সুরে সুরে খেলা করছিল শিল্পীর কণ্ঠে, তখন চারদিকে যেন বসন্তের জয়গান।৩০ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তনে হয়ে গেল আগ্রা ঘরানার শিল্পী বিদুষী শুভ্রা গুহর উচ্চাঙ্গসংগীত সন্ধ্যা। অনুষ্ঠান আয়োজন করে রক্তকরবী ও আলিয়ঁস ফ্রঁসেস। শিল্পীর সঙ্গে হারমোনিয়ামে ছিলেন প্রখ্যাত উচ্চাঙ্গসংগীত শিল্পী স্বর্ণময় চক্রবর্তী, তবলায় ইফতেখার ও তানপুরায় শ্রাবন্তী ধর।সূচনাপর্বে ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন জানালেন, ফুলকির সহযোগী সংগঠন রক্তকরবীর প্রমিত বাংলা গান ও শুদ্ধ সংগীত প্রসার প্রকল্পের উদ্যোগে শিল্পী বিদুষী শুভ্রা গুহকে চট্টগ্রামে আনা হয়েছে। স্থানীয় সংগীত শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে তিন মাস পর পর চট্টগ্রামে আসবেন শিল্পী বিদুষী। উপমহাদেশের প্রখ্যাত এ শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানান শীলা মোমেন। শিল্পীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন রাশেদ হাসান।এবার চট্টগ্রামের প্রতি ভালোবাসার কথা জানালেন শিল্পী। বললেন, ‘এবারই প্রথম নয়, আরও একবার আমি এসেছিলাম চট্টগ্রামে, তবে বহু বছর আগে। আজ চট্টগ্রামের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেলাম তা চিরদিন মনে থাকবে।’এরপর শিল্পী খাম্বাজ রাগে একটি বিশেষ বন্দিশ গেয়ে শোনান। ওষ্ঠবর্ণ ছাড়া এই বন্দিশ দারুণ উপভোগ করেন দর্শকেরা। সবশেষে ঠুমরি। শিল্পী বললেন—কাদের পিয়া স্ত্রীর শোকে লিখেছিলেন এটি। গৌতম ঘোষের সাম্প্রতিক একটি ছবিতেও গেয়েছেন। শিল্পী মাত্র ১১ মিনিট গাইলেন এ ঠুমরি—মোরই আঁখিয়া...। শিল্পী যখন শেষ করলেন তখন অনেকের চোখে চিকচিক করছে আনন্দাশ্রু। সে অশ্রু খানিকটা বেদনারও।