বন্দরের অন্দরে ‘ইত্যাদি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক চিলতে হাসি দিয়ে বঙ্গোপসাগরে হারিয়ে গেল আস্ত সূর্যটা, আর তখনই ১৩ নম্বর জেটির মঞ্চে জ্বলে উঠল হাজারো তারা। তারার আলোয় অচেনা চিরচেনা বন্দর। চাটগাঁইয়া তিন শিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া ও রবি চৌধুরীর গানে বন্দর হয়ে উঠল অনিন্দ্য এক আনন্দপুরী। গানের পর নাচ, কর্ণফুলীর ঢেউয়ের মতোই। এভাবে কথা, গান আর নৃত্যে রচিত কর্ণফুলীর কাব্য, সাগরকন্যা চট্টগ্রামের রূপের গাথা।১২ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃশ্যায়ন হয়ে গেল চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে।এবারের ইত্যাদিতে চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতি; বিশেষ করে, আঞ্চলিক সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বিচিত্র ক্যানভাসে।অনুষ্ঠান শুরু হওয়ার কথা সন্ধ্যা ছয়টায়। কিন্তু বিকেল পাঁচটা থেকেই দর্শকদের সারি পড়ে যায় পাঁচ নম্বর ফটকে। ইত্যাদির বিশেষ পাস নিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকে যান দর্শকেরা। ঠিক সাড়ে ছয়টায় মঞ্চে উঠে অনুষ্ঠান শুরুর সংকেত দেন হানিফ সংকেত। পাক্কা ১০ মিনিট বক্তৃতা—দর্শকেরা কী করবেন, কী করবেন না। কীভাবে বসলে ক্যামেরার দৃষ্টি আকর্ষণ করা যাবে। কীভাবে তালি দিতে হবে—সরস কথামালায় জানিয়ে দিলেন সেটাও।বারবার মনে করিয়ে দিলেন, ‘ইত্যাদি টেলিভিশনে উপভোগ করতে যতটা ভালো লাগে, এখানে তা নাও লাগতে পারে। কারণ, এটি ধারণ অনুষ্ঠান। এখানে একই বিষয় কয়েকবার দৃশ্যায়ন করতে হবে। একই জিনিস বারবার দেখে বিরক্তি আসতে পারে।’ প্রথমেই দর্শক পর্ব। প্রথম প্রশ্নটি করলেন কর্ণফুলী নিয়েই। উত্তরও সহজ। অনেকেই হাত উঠিয়েছেন। এমন সময় হানিফ সংকেতের বজ্রকণ্ঠ ‘কাট!’। মঞ্চের পেছনে টাগবোটের ওপর অনেক দর্শক। সবাইকে চমকে দিয়ে তাঁদের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বললেন, ‘অনারা বেগ্গুন লামি আইয়ুন, ক্যামেরাত মঞ্চ দেহা ন যার, অনারার মুন্ডু দেহা যার।’ (আপনারা সবাই নেমে আসুন। ক্যামেরায় মঞ্চ দেখা যাচ্ছে না, আপনাদের মাথা দেখা যাচ্ছে।) অদৃশ্য হয়ে গেল সব ‘মাথা’।দর্শক পর্ব ছিল চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে ছোটখাটো একটি পরীক্ষা। আঞ্চলিক গানের একেকটি অংশ গাইছিলেন সঞ্জিত্ আচার্য, কল্যাণী ঘোষ ও সৈকত দাশ। দর্শকদের গাইতে হচ্ছিল তাঁদের সঙ্গে তাল মিলিয়ে। একটি গান ছিল ‘গাছে চড়ে বরই খাওয়া আর ঠ্যাং ভাঙা’ নিয়ে। সে সময়ই টাগবোটের ছাদে হুমড়ি খেয়ে পড়েছে দর্শকেরা। দৃশ্যটা নজর এড়াল না উপস্থাপকের, তিনি তাঁদের উদ্দেশে বললেন, ‘অনারা লামন, নইলে পড়ি ঠ্যাং ভাঙিব।’সংকেত ফিরে গেলেন আরেক চাটগাঁইয়া শিল্পী কুমার বিশ্বজিতের কাছে। বন্দর ও বন্দরের মানুষ নিয়ে গানটা করার আগে আঞ্চলিক শব্দ ও গান নিয়ে উপস্থাপকের বাঁকা প্রশ্নের সোজা উত্তর দিলেন কুমার বিশ্বজিত্। একটি পর্বে নিপুকে নিয়ে বেশ মজা করলেন হানিফ সংকেত। উবু হয়ে কোলে নেওয়ার মতো করে নিপুর উদ্দেশে বললেন, ‘শয়তানি করলে দইজ্যার পানিত ফেলাই দিব কইলাম।’টানা দুই ঘণ্টা দৃশ্যায়ন চলল। প্রচারের আগেই ইত্যাদি দেখে মুগ্ধ, বিস্মিত দর্শকেরা। একপর্যায়ে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা দিলেন উপস্থাপক। দর্শক ও বন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানালেন সহযোগিতার জন্য। দর্শকদের উদ্দেশে বললেন, ‘দয়া করে আপনারা চলে যান। আমার কিছু খুচরো কাজ আছে।’খানিকক্ষণ বিরতি দিয়ে আবার মঞ্চে উঠলেন হানিফ সংকেত, উঠতে না-উঠতেই দর্শকদের ভিড়। কর্ণফুলীর পানি ছুঁয়ে আসা হিমেল হাওয়া কাবু করেছে কলাকুশলীদেরও, কিন্তু নির্বিকার দর্শকেরা। শীতের কাছে কেন পরাজিত হবেন তাঁরা। খুচরো কাজগুলো দর্শকদের কাছে মহামূল্যবান, বন্দরের অন্দরে যে আজ আনন্দের ঝড়।ইত্যাদি প্রচারিত হবে ২৯ জানুয়ারি শুক্রবার রাতে বিটিভিতে। এটি গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।