বন্ধ হচ্ছে তারা টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের তারা টিভি নেটওয়ার্ক। তারা টিভি নেটওয়ার্কের চ্যানেলগুলো হলো তারা নিউজ, তারা মিউজিক ও টিভি সাউথ এশিয়া। জানা গেছে, তারা টিভি নেটওয়ার্কের মালিকানা প্রতিষ্ঠান সারদা গ্রুপ এখন চ্যানেলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মালিকানা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অর্থ জোগান না দেওয়ায় তিন মাস ধরে তারা টিভি নেটওয়ার্কে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা বেতন পাচ্ছেন না। এই সময়ে কোনো নতুন অনুষ্ঠানও প্রচার করা হয়নি। বেশির ভাগই ছিল পুরোনো অনুষ্ঠানের পুনঃপ্রচার। পয়লা বৈশাখ উপলক্ষে গতকাল সোমবার সকালে তারা মিউজিক চ্যানেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তখন এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও উপস্থাপক দর্শকদের কাছে তারা টিভি বন্ধ হওয়ার কথা জানান। এ সময় তাঁরা এই প্রতিষ্ঠানটিতে কর্মরতদের পাশে এসে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানটিতে অংশ নেন হৈমন্তী শুক্লা, পণ্ডিত অজয় চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, শ্রাবণী সেন, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, কালিকা প্রসাদসহ আরও অনেকে। তারা টিভি নেটওয়ার্কের জ্যেষ্ঠ সম্পাদক সঞ্জয় সমদ্দার এবং জ্যেষ্ঠ চিত্রগ্রাহক অনির্বাণ সাধু প্রথম আলোকে জানান, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুদীপ্ত সেন ১০ ও ১২ এপ্রিল দুই দফা বেতন দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তাঁরা বেতন পাননি। এখন এই নেটওয়ার্কের কর্মকর্তা ও কর্মচারীরা নিজস্ব ব্যবস্থায় তিনটি চ্যানেলের সম্প্রচার অব্যাহত রাখার চেষ্টা করছেন। ২০০৫ সালে রথিকান্ত বসু ব্রডকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেডের ব্যবস্থাধীনে তারা টিভি নেটওয়ার্ক চালু করেন। ২০১০ সালে তা কিনে নেয় সারদা গ্রুপ।