বন্ধু, আমরা তোমাদের কবর দিইনি
বিমানবন্দরের খুব কাছেই রুহুলদের কুঁড়েঘর। আকাশ-বাতাস কাঁপিয়ে ডানা মেলেছে উড়োজাহাজ। শব্দের প্রচণ্ডতায় থরথর করে কাঁপছে বেড়ার ঘরটি। মাঝরাতে ঘুম ভেঙে জেগে ওঠে রুহুলের দাদা। শুরু হয় তারেক মাসুদ পরিচালিত রানওয়ে। দর্শকের তন্ময় দৃষ্টি তখন পর্দায়। শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে রানওয়ে ও নরসুন্দর ছবি দুটি দেখতে গতকাল শনিবার দর্শকদের দারুণ ভিড় ছিল। বেলা একটা ও সন্ধ্যা সাতটায় দেখানো হয় ছবি দুটি। চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল আয়োজিত স্মরণ অনুষ্ঠানে এসব ছবি প্রদর্শন করা হয়। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।রানওয়ে ছবিতে দেখা যায়, ক্ষুদ্রঋণ নিয়ে গাভি পালন করে সংসার চালান রুহুলের মা রহিমা। রুহুলের বোন কাজ করে তৈরি পোশাক কারখানায়। ভাগ্যের চাকা ঘোরানোর আশায় তার বাবা পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। সদ্য মাদ্রাসার পড়ালেখায় ইস্তফা দেওয়া তরুণ রুহুল মামার দোকানে কম্পিউটার ব্যবহার শিখতে যায়। সেখানেই তার পরিচয় ঘটে আরিফের সঙ্গে। সুদর্শন, প্রযুক্তিতে দক্ষ আরিফ রুহুলকে টেনে নিয়ে যেতে থাকে জঙ্গিবাদের পথে। রুহুল তার নিজের অজান্তেই পা দিয়ে ফেলে সেই চোরাস্রোতে। আফগানিস্তান-ফেরত মুজাহিদ দলনেতার জঙ্গি শিবিরে শরিক হয় সে। সিনেমা হলে বোমা বিস্ফোরণ ঘটায় আরিফ আর তার দল। একপর্যায়ে গৃহত্যাগী রুহুল নিজের বিবেকের সঙ্গে আরেক যুদ্ধে জড়িয়ে পড়ে। সাময়িকভাবে লক্ষ্যভ্রষ্ট রুহুল শেষ পর্যন্ত আবার ফেরত আসে জীবনের পথে।শনিবার দিনব্যাপী স্মরণ অনুষ্ঠান শুরু হয় সকালে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে। বিরতি দিয়ে দেখানো হয় রানওয়ে, নরসুন্দর ও অন্তর্যাত্রা। প্রদর্শনী শেষে ছিল আলোচনা। ‘বন্ধু, আমরা তোমাদের কবর দিইনি, আমরা তোমাদের রোপণ করেছি ৫৬ হাজার বর্গমাইলে’—এই স্লোগান নিয়ে আয়োজন করা হয় স্মরণানুষ্ঠান। রবীন্দ্রনাথের ‘জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো’ গান পরিবেশন করার মধ্য দিয়ে তারেক মাসুদ-মিশুক মুনীরের শোকগাথা অনুষ্ঠান শুরু হয়। গান করেন মিতা হক। কবিতা আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন হাসনাত আবদুল হাই, মিজারুল কায়েস, মফিদুল হক, সৈয়দ সালাউদ্দিন জাকী, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, শিশির ভট্টাচার্য্য, সাজ্জাদ শরিফ, নাসির আলী মামুন, রোকেয়া প্রাচী, জাহিদুর রহিম অঞ্জন প্রমুখ। অনুষ্ঠানে শোকগাথায় বলা হয়, ‘তারেক মাসুদের মৃত্যু নিছক আতর-লোবানমাখা সুগন্ধি শোক নয়, আমরা আর কোনো প্রতিবাদহীন শোক স্বীকার করে নেব না। কেননা, তারেক মাসুদের মৃত্যু আমাদের জানিয়ে দিয়ে গেল, তাঁর জীবন তাঁর একার নয়। তারেক মাসুদ স্বপ্ন দেখেছিলেন, রূপকল্প এঁকেছিলেন। তিনি “সিনেমার ফেরিওয়ালা” হয়ে ঘুরে বেড়িয়েছেন জেলায় জেলায়।’ শোকগাথায় আরও বলা হয়, ‘তারেক মাসুদের প্রতি প্রকৃত শ্রদ্ধা করা হবে তখনই, যখন তাঁর অপূর্ণ স্বপ্ন পূরণ হবে। তাঁর স্বপ্ন পূরণ করতে পারলে, আবার ফিরে আসবেন তারেক মাসুদ-মিশুক মুনীর। ফিরে আসবেন আর্কাইভের ছাদে, ফিল্ম ইনস্টিটিউটের করিডরে, চলচ্চিত্র সংসদের কর্মশালায় কিংবা নবীন কোনো চলচ্চিত্রনির্মাতার ক্যামেরায়। ফিরে আসবেন প্রত্যেক শ্রাবণে দ্বিগুণ হয়ে ফিনিক্স পাখির মতো আগুনের ফুল হয়ে।’কলকাতায় শোকসভা কলকাতা প্রতিনিধি জানান, তারেক মাসুদের অকালমৃত্যুতে গতকাল শনিবার কলকাতা প্রেসক্লাব সভাঘরে এক শোকসভার আয়োজন করে ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিত্রকর অরুণ চক্রবর্তী। আলোচনার শুরুতে তারেক মাসুদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত অতিথিরা। আলোচনায় অংশ নেন বাংলাদেশের প্রখ্যাত লেখক শাহরিয়ার কবির, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির সম্পাদক অজয় দে, হিন্দিভাষী কবি ও লেখক গীতেশ শর্মা, প্রবীণ সাংবাদিক বাহাউদ্দিন প্রমুখ।