বন্ধু, খুব মনে পড়ে তোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজম খান—আমার নির্লোভ, নিরহংকারী, নিভৃতচারী ও অন্তরঙ্গ একজন বন্ধু। তার সঙ্গে যাঁদের মেশার সুযোগ হয়েছে, তাঁরা সবাই বিষয়টি ভালোভাবেই জানেন। ১৯৭২-৭৩ সাল। গানের জীবনে দুজন মানুষের সঙ্গে আমার ঘনিষ্ঠ বন্ু্লত্ব তৈরি হয়—আজম খান ও ফিরোজ সাঁই। দুজনের কেউই আজ আমাদের মাঝে নেই।১৯৭৩ সাল। ঢাকা রেকর্ড থেকে আজম খানের ‘ওরে সালেকা ওরে মালেকা’ ও ‘হাইকোর্টের মাজারে’ গানের ক্যাসেট প্রকাশিত হয়। বিষয়টি আজম নিজেও জানত না। আমি কীভাবে যেন জেনে গেছি। ক্যাসেটটির একটি কপি আমার হাতে আসে। ওই ক্যাসেটের কপি নিয়ে সোজা চলে গেলাম আজমের কমলাপুরের বাসায়। আমাকে দেখে সে তো অবাক! বলে, ‘দোস্ত, আয় আয়।’ এর মধ্যে আরও কয়েকজন বন্ধুকে খবর দেওয়া হলো। আমি আজমকে কিছু বলি না। শুধু বলি, ‘আগে খাওয়া, তারপর কথা হবে।’ যেই চাওয়া, সেই বাস্তবায়ন। ’৭৩-এর সেই সময়ে আমাদের নয়জন বন্ধুকে ৪০ টাকার খাবার খাওয়ায় আজম। এরপর ক্যাসেটটি বের করে যখন তার হাতে দিলাম, ভুবনভোলানো একটা হাসি ওর মুখে। আজম খানের সেদিনের হাসিটা আজও আমার চোখে ভাসে। সে সময় সাত হাজার ৫০০ কপি ক্যাসেট বিক্রি হলে সুপার ডুপার হিট তালিকায় ধরা হতো। ১৯৭৩ সালের সেই সময়ে ক্যাসেটটি প্রায় ১০ হাজারের বেশি কপি বিক্রি হয়। ২০১০ সালের ১০ জুলাই। আজমের মুখগহ্বরে জিহ্বার নিচে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ওই সময় একদিন ফোন করি আজমকে। ফোন ধরেই আমাকে সে বলে, ‘আমাদের বন্ধুদের সবাই চলে গেছে। আমিও মনে হয় আর বেশি দিন বাঁচব না। বন্ধুদের মধ্যে গানের জগতে একমাত্র তুই মাঠে আছিস। তুই কিন্তু বন্ধ করিস না।’ আজমকে আমি যতই নিষেধ করি, ততই যেন সে এসব কথা বলতে থাকে আমাকে। তাকে সান্ত্বনা দিতে থাকি, ‘দোস্ত, তুই এসব কী বলতাছস? আমরা আবার একসঙ্গে গান করব।’কিন্তু তা আর হলো না। আমার গানের জগতের অকৃত্রিম সেই বন্ধুটি সত্যি সত্যি ২০১১ সালের ৫ জুন সবাইকে কাঁদিয়ে চলে গেল। আজ আমার সেই বন্ধুটির জন্মদিন। এদিনে আজমকে খুব বলতে ইচ্ছে করছে, বন্ধু, তোকে ভীষণ মিস করছি। তোকে খুব মনে পড়ে। সত্যিই মনে পড়ে তোকে।অনুলিখন: মনজুর কাদের