গত ২ জানুয়ারি চলে গেলেন জেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা আজমল হুদা মিঠু। মাত্র ৫ দিনের ব্যবধানে সবাইকে কাঁদিয়ে গত ৭ জানুয়ারি চলে গেলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল নির্মাতা শিবলি সাদিক। আজমল হুদা মিঠুকে স্মরণ করে লিখেছেন রাজ্জাক। অভিনেতা ইলিয়াস কাঞ্চন লিখেছেন তার সতীর্থ শিবলি সাদিককে নিয়ে। রাজ্জাকষাটের দশকে আমি ও মিঠু প্রায় একই সময় চলচ্চিত্রে এসেছিলাম। আমিও অভিনয়পাগল, মিঠুও ছিল আমার মতোই। কাজ না থাকলে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া। একসঙ্গে অনেকগুলো ছবিতে কাজও করলাম। ঢেউ এর পর ঢেউ ছবিতে কাজ করার জন্য আমি আর মিঠু দুজনেই গেলাম পেশোয়ারে। ছবিতে আমার বন্ধুর চরিত্রে কাজ করল মিঠু। সেদিনের কথা আজও আমার মনে আছে। মিঠু কাজ শেষ হলেই ছুটত গানের সন্ধানে। গানপাগল অনেক মানুষই আমি দেখেছি, কিন্তু মিঠু যে কতটা গানপাগল, তা আমি সেদিন বুঝলাম। রাত জেগে জেগে গান শুনতে চলে যেত বিভিন্ন শিল্পীর কাছে। তারপর ভোরবেলা চলে আসত শুটিং জোনে। শুটিং শেষ তো ছুটত শিল্পীর কাছে। আমি অবাক হলাম। এতটুকু ক্লান্তি নেই ওর মধ্যে। পেশোয়ারে কাজ শেষে দেশে ফিরছি, বললাম—বন্ধু, তুমি এমন ছোটাছুটি করো কেন? মিঠু হাসে, ওর সেই হাসিটা ছিল স্বভাবসুলভ হাসি। সেই হাসিটা আমি সব সময় ওর ঠোঁটের কোনায় দেখতে পেতাম। এরপর স্বাধীনতাযুদ্ধ শুরু হলো। মিঠু চলে গেল মুক্তিযুদ্ধে। একদিন খোঁজ পেলাম, ও বেঁচে আছে। দেশ স্বাধীন হওয়ার পর ওকে ফিরে পেলাম। মিঠু আবার কাজ শুরু করল। পঁচাত্তর সাল পর্যন্ত অভিনয় নিয়েই ব্যস্ত ছিল। এরপর হঠাত্ করেভি নর্শানের দিকে আগ্রহী হয়ে উঠল।ছবি পরিচালনা, তারপর প্রযোজনা, এই নিয়ে মিঠু অভিনয় থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিল। যেদিন কাজ নেই, সেদিন মিঠু গাড়ি চালিয়ে সোজা আমার বাড়িতে। রাতভর গান আর আড্ডা। নিজের কাছে এত দিন পর একটি প্রশ্ন জাগে, কেন মিঠু তার কোনো ছবিতে আমাকে নেয়নি।মিঠুর একটাই দোষ ছিল, খামখেয়ালিপনা করত। ওকে যদি কোনো বিষয়ে না করতাম, কিছুই শুনত না। নিজের বুঝেই তার খেয়াল খুশিমতো কাজ করেছে। শেষ দেখা হলো চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে। বলল, শরীরটা ভালো যাচ্ছে না। আমরা দুজনের পরিবারের খোঁজখবর নিলাম। মিঠুকে দেখেই বুঝতে পারছিলাম, মনে জোর থাকলেও শরীর কুলোয় না বলে মিঠু এখন আর আগের মতো ছোটাছুটি করতে পারে না। তবে এটুকু দেখে ভালো লাগল যে, সে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে।সেদিনের সেই দেখার পর মিঠুর সঙ্গে আর কোনো কথা হলো না। হঠাত্ই একটি ফোন পেলাম সকালে। আজমল হুদা মিঠু আর নেই। মুঠোফোনটা যে হাতে ধরেছিলাম, সেই হাতটা কেঁপে উঠল। হাতে জোর পাচ্ছিলাম না। মনে মনে বললাম—বন্ধু, চলে গেলে। একে একে আসলে সবাই চলে যাচ্ছে। একদিন আমাকেও যেতে হবে। এই নিয়মের কাছে প্রত্যেকেরই পরাজিত হতে হবে। যেমনটি হয়েছে আমার বন্ধু আজমল হুদা মিঠু।