বন্ধু আমার ড্রাইভার হয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদ আলী ও সৈয়দ সালাউদ্দিন জাকী
ফরিদ আলী ও সৈয়দ সালাউদ্দিন জাকী

পর্দা কিংবা লোকচক্ষুর অন্তরালে চলে গেলেও একজন শিল্পীর একটি সংলাপ মনে করিয়ে দেওয়ামাত্রই সবাই তাঁকে সহজে মনে করতে পারেন। এটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া। ফরিদ আলী তেমনই একজন মানুষ, যাঁকে ‘দুবাই যামু, টাকা দেন’—এই একটি সংলাপের মাধ্যমে অনেক দিন মানুষ মনে রাখবে।

ফরিদ আলী আমার খুব ভালো একজন বন্ধু। আমাদের বন্ধুত্বের সম্পর্ক ৫৫ বছরের। ঢাকার কলতা বাজারের সরকারবাড়িতে আমাদের একসঙ্গে কত আড্ডা হয়েছে তার কোনো হিসাব নেই।

ফরিদ আলী সব সময় একটু চঞ্চল প্রকৃতির মানুষ ছিল। টেলিভিশনের প্রথম লগ্ন থেকে তাঁকে এমনটা দেখেছি। অভিনয় নিয়ে তাঁর ধ্যানধারণা ছিল অসাধারণ। পরবর্তী সময়ে তো সে আমার ছবির সঙ্গেও সম্পৃক্ত হলো। এটাকে শুধু সম্পৃক্ত বলা যাবে না, ছবির শুটিং শুরুর আগে সে আমাকে বলল, ‘আমার একটা গাড়ি আছে। এটা তুই ছবির জন্য কাজে লাগাতে পারিস।’ আমার ‘ঘুড্ডি’ ছবিটি কম বাজেটের, তাই ওর গাড়িটা পাওয়াতে আমার অনেক সুবিধা হয়। কেউ কোনো দিন কারও প্রডাকশনের জন্য নিজের ব্যবহৃত গাড়ি দিয়ে দিয়েছে এটা আমার জানা নেই। ফরিদ আলী তেমনই একজন মানুষ, যে মানুষকে অনেক কিছু দিয়ে দিতে পারত। এ যুগে এ ধরনের মানুষ পাওয়া দুষ্কর। 

ফরিদ আলীকে বললাম, গাড়ি তো দিয়েছিস, কিন্তু আমার তো ড্রাইভার লাগবে। ড্রাইভার না হলে এই গাড়ি চালাবে কে? তখন সে বলল, ড্রাইভার আমি।
এটা বলে আমার বন্ধু ফরিদ আলী আমার ড্রাইভার হয়ে গেল। ‘ঘুড্ডি’ সিনেমায় সে অভিনয় করল, আবার আমরা শুটিংয়ের জন্য যেখানেই গেছি, সেখানে গাড়ি চালিয়ে সে আমাদের নিয়ে গেছে। এ ধরনের বহু স্মৃতি আমাদের আছে।
আমাদের প্রথম যোগাযোগ হয় স্কুলজীবনে। যদিও আমরা এক স্কুলে ছিলাম না। আমরা বেশ কয়েকজন বন্ধু একটা জায়গায় আড্ডা দিতাম। পুরান ঢাকার কলতা বাজারের সরকারবাড়িতে আমাদের সে আড্ডা দারুণ হতো। আমরা ফিল্ম সোসাইটি করতাম। যদিও আমি খুব একটা পেশাদার ছিলাম না, কিন্তু ফরিদ পেশাদারিভাবে নেমে গেল। ওই যে বললাম, যেকোনো কাজে সে অসম্ভব সম্পৃক্ত থাকত।
টেলিভিশন নাটকেও ফরিদ আলীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিটিভিতে তখন আমরা একটা পরিবারের মতো ছিলাম। ওই পরিবেশটা এখন আর কোথাও দেখি না।

অনুলিখন- মনজুর কাদের