বন্ধু করণের ওপর চটেছেন শাহরুখ!

বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে পরিচালক করণ জোহরের দীর্ঘদিনের দোস্তির কথা সবারই জানা। কিন্তু টক শোতে আরেক তারকা সালমান খানকে আমন্ত্রণ জানানোর কারণে এবার বন্ধুর ওপর ভীষণ চটেছেন কিং খান।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘কফি উইথ করণ’ টক শোতে শাহরুখ আর অতিথি হবেন না বলেই গুজব রটেছে।
বলা হচ্ছে, করণ তাঁর টক শোতে সালমানকে আমন্ত্রণ জানিয়েছেন। আর এতে ভীষণ চটেছেন শাহরুখ। করণের ওপর এতটাই খেপেছেন যে, তাঁর জনপ্রিয় ওই টক শোতে অংশ নিতেও অস্বীকৃতি জানিয়েছেন শাহরুখ।
‘কফি উইথ করণ’ সিজন-৪-এর আর মাত্র দুটি পর্ব সম্প্রচারের অপেক্ষায় আছে। এর মধ্যে একটি পর্বে থাকছেন পরিনীতি চোপড়া ও আলিয়া ভাট। অপর পর্বটিতে থাকছেন সানি লিওন ও একতা কাপুর।
তবে করণের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দুজনের মধ্যে কোনো বিরোধ নেই।
এমনকি এ নিয়ে করণের উদ্ধৃতির বরাতেও প্রকাশিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে করণ বলেছেন, কিং খানের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই ঘনিষ্ঠ। তাঁদের দুজনের মধ্যকার গত ২০ বছরের বন্ধুত্বের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না।