বন্ধু, কী খবর বল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের দেখা হয় না অনেক দিন। আগের মতো জমে না আড্ডা। কিন্তু বন্ধুত্বের সোনালি সেই দিনগুলোর স্মৃতিতে এখনো জমেনি একরত্তি ধুলো। ৩ আগস্ট ছিল বন্ধু দিবস। এ উপলক্ষে শোনা যাক অভিনেতা আফজাল হোসেন ও রাইসুল ইসলাম আসাদের বন্ধুত্বের গল্প

আফজাল হোসেন	, রাইসুল ইসলাম আসাদ
আফজাল হোসেন , রাইসুল ইসলাম আসাদ

একসময় ঢাকার মঞ্চ কাঁপাতেন তাঁরা। ঢাকা থিয়েটারে অভিনয় করতেন আফজাল হোসেন ও রাইসুল ইসলাম আসাদ দুজনই। কিন্তু বন্ধুত্ব শুধু এ দুজনের মধ্যেই ছিল না, পুরো দলের সঙ্গেই সে সময় আত্মার সম্পর্ক ছিল তাঁদের। তবে হ্যাঁ, মঞ্চ ও মঞ্চের বাইরে একসঙ্গে অনেক কাজ করেছেন দুজন। তাই এ দুই অভিনেতার বন্ধুত্বটাও অন্য সবার চেয়ে খানিকটা আলাদা। অন্যদের চেয়ে তাঁরা একে অপরকে দেখেন ভিন্ন দৃষ্টিতে। কেমন সেটি?
আসাদের চোখে আফজাল এখনো সেই ঢাকা থিয়েটারের সময়কার মতোই ‘সিরিয়াস’। তখন যতটা মন দিয়ে কাজ করতেন, এখনো নাকি আফজালের কাজে সেই নিষ্ঠাই দেখতে পান তিনি। আসাদের ভাষায়, ‘আমাদের জগৎ এখন অনেকটাই আলাদা। দেখা হয় না। তবে কাজের মধ্য দিয়ে আমরা এখনো একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বন্ধু হিসেবে, দর্শক হিসেবে, শিল্পী হিসেবে আফজাল আমার পছন্দের জায়গাতেই থাকবে। আমাদের সে সময়ের বন্ধুত্বটা ছিল অনেক নির্মল। এখন বাস্তবতার কারণে দূরত্ব এলেও বন্ধুত্বের নির্মল সম্পর্কটা মুছে যায়নি।’
এই কথার রেশ যেন আফজাল হোসেনের কথায়ও। তিনি বলেন, তাঁদের বন্ধুত্বে ছিল না কোনো দ্বন্দ্ব কিংবা প্রতিযোগিতা। কেউ কাউকে ছাপিয়ে যাওয়ার কথা ভাবতেন না। তবে প্রত্যেকেই চেষ্টা করতেন নিজের সবচেয়ে সেরাটা বের করে আনার। আফজাল আর আসাদের মধ্যে নাকি তর্ক হতো ঢের। স্মৃতিকাতর হয়ে আফজাল বললেন, ‘আসাদকে খুব দ্রুত খ্যাপানো যেত। আসাদ আর শিমূলের (শিমূল ইউসুফ) সঙ্গে আমার ঝগড়া হতো অনেক বেশি। তবে সেই ঝগড়ায় কোনো ইগো কিংবা ক্রোধের স্থান ছিল না। আমাদের ঝগড়াগুলোও হতো খুব মজার। আজ একেবারে চিৎকার-চেঁচামেচি করা ঝগড়া তো পরদিন আবার দেখা যেত গলায় গলায় ভাব।’
আফজালের একটা বিষয় এখনো মনে আছে আসাদের। ঢাকার বাইরে শুটিংয়ে যেতে হলে আগে থেকেই নাকি আফজালের বাসায় লোক পাঠিয়ে রাখতে হতো, যাতে লোকটি সময়মতো নিয়ে আসতে পারেন আফজালকে। তা না হলে সময় মেলাতে গিয়ে খানিকটা খেই হারিয়ে ফেলতেন তিনি। তবে শুটিং শুরু হলে আফজালের চেয়ে একনিষ্ঠ আর কাউকেই মনে হতো না আসাদের।

আফজাল হোসেন, হুমায়ূন ফরিদী ও রাইসুল ইসলাম আসাদ
আফজাল হোসেন, হুমায়ূন ফরিদী ও রাইসুল ইসলাম আসাদ

অন্যদিকে আফজালের ভাষায়, আসাদ ছিলেন ঢাকা থিয়েটারের প্রাণের মতো। তিনি জানান, প্রতিটি নাটক শেষে নিজেদের পরিবেশনা নিয়ে আলোচনা হতো, পরিকল্পনা করা হতো পরের মঞ্চায়ন নিয়ে। আর সবশেষে ঢাকঢোল পিটিয়ে গানবাজনা হতো। সেই স্মৃতি মনে পড়ে আফজাল বললেন, ‘সেই গানবাজনায় যার কণ্ঠ সবচেয়ে বেশি স্পষ্ট শোনা যেত, সে হলো আসাদ। গানবাজনার সেই পর্বের লিডার ছিল সে।’
আফজাল হোসেন ও রাইসুল ইসলাম আসাদ এখন সবাই যে যাঁর মতো নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। তবে সেই বন্ধুত্বের তাগিদ অনুভব করেন এখনো। হুমায়ুন ফরীদি, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, সুবর্ণা মুস্তাফা, আল মনসুর—তারুণ্যের রঙিন সেই সময়টাতে তাঁদের কাছে বন্ধুত্ব মানেই ছিল পাগলামির ছলে নতুন কিছু সৃষ্টি। তাই স্বার্থ, খ্যাতি ও মোহ ভুলে স্বপ্নে ছিল শুধু সৃষ্টির তাগিদ। সেই তাগিদটা এখনো আছে। তাই তো প্রাপ্তির খাতা যখন পূর্ণ অনেকটাই, তখনো আবার অতীতের মতো রাত-দিন এক করে আড্ডা দেওয়ার ইচ্ছা জাগে তাঁদের। হঠাৎ করেই বন্ধুর কথা মনে করে বলতে ইচ্ছে করে, ‘কেমন আছিস, দোস্ত?’