বন্ধু টাবুর হঠাৎ ফোনে স্মৃতিকাতর চম্পা
বলিউড আর ঢালিউডের যোজন দূরত্ব ডিঙিয়ে গত মঙ্গলবার দুপুরে হঠাৎই ঢাকায় ফোন করেন বলিউডের অভিনেত্রী টাবু, ঢাকায় যার বাড়িতে ফোন বেজেছিল তিনি এদেশের চলচ্চিত্রের জনপ্রিয় মুখ, চম্পা। এ প্রসঙ্গে চম্পা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর একটায় হঠাৎ করেই বাসার ফোনটা বেজে উঠল। অপর প্রান্ত থেকে একজন বলে উঠলেন- চম্পাজি, চম্পাজি...। আমি সাড়া দিয়ে কে বলছেন বলতেই বললেন, ম্যায়, টাবু।টাবুর ফোনকলটির কথাপ্রসঙ্গে প্রথম আলো ডটকমকে চম্পা বলেন, টাবুর ফোনকলটি পেয়ে আমি অবাকই হয়েছি। বেশ কয়েক বছর আমাদের মধ্যে যখন যোগাযোগ ছিল না। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম হয়তো আমাদের মধ্যে আর যোগাযোগ হবেও না হয়তো। কিন্তু তা ভুল প্রমাণ করে দিল টাবুর ফোন কল। অনেক বছর পর পুরোনো বন্ধুর ফোন কল পেয়ে আমি অনেক উচ্ছ্বসিত।’ ঢালিউডের চম্পা ও বলিউডের টাবু ৭/৮ বছর আগে ‘আবার অরণ্যে’ ছবিতে অভিনয় করেছিলেন। গৌতম ঘোষ পরিচালিত ছবিটির শুটিংয়ে দুজনের প্রথম দেখা। কাজ করতে যেয়ে দুজনের মধ্যে তৈরি হয় গভীর বন্ধুত্ব। এরপর পারিবারিকভাবেও দুজনের সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। শুটিংয়ের পর বছর খানেক যোগাযোগ অব্যাহত থাকলেও পরে কাজের ব্যস্ততায় কেউ কারো খোঁজ-খবর রাখতে পারেন নি। চম্পা জানিয়েছেন, গৌতম ঘোষের ‘আবার অরণ্যে’ ছবির শুটিংয়ের পর বছরখানেক যোগাযোগ রক্ষা করতে পেরেছিলাম। কিন্তু এরপর ব্যস্ততা বেড়ে গেলে তা আর রক্ষা করা সম্ভব হয়নি। কিন্তু গতকাল দুপুরে হঠাৎ আসা টাবুর ফোনটা আমাকে অনেক স্মৃতিকাতর করে দিয়েছে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে আমাদের কথোপকথন। পারিবারিক আলাপ ছাড়াও চলচ্চিত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।চম্পা জানান, ‘টাবু এখন দুবাইতে ছবির শুটিং করছেন। সেখান থেকে হঠাৎ আমার কথা মনে পড়তেই ফোন করেছেন। আমাকে তিনি কলকাতা যাওয়ার জন্য দাওয়াতও করেছেন। তিনিও মুম্বাই থেকে কলকাতা আসবেন। তারপর আমরা দুজন সেখানে ঘুরে বেড়াব। ঢাকায় কিছু কাজ-কর্ম আছে। এসব গুছিয়ে বন্ধুর মন রক্ষার্থে কলকাতায় যাব। চম্পা আরও জানান, নানা কথার ফাঁকে টাবু জানতে চাইল আমার মেয়ে এশা কেমন আছে। আমি বললাম, ওর তো বিয়ে হয়ে গেছে। একথা শুনে টাবু আমার ওপর খানিকটা অভিমানও করলেন। এশার বিয়ের কথাটাতো ওকে জানানো হয়নি। এশাকে নিয়ে স্মৃতি রোমন্থন করে চম্পাকে টাবু বলেছেন, যে মেয়ে আবার অরণ্যে ছবির শুটিংয়ের সময় আমার হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিল আজ সে নিজেই মেহেদি লাগিয়ে চলে গেল। অথচ আমি জানতেই পারলাম না। আমি টাবুকে বুঝিয়েছি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারব না বলেই বিয়েতে ডাকিনি। শেষ পর্যন্ত টাবুর মান ভেঙেছে বলেও জানান চম্পা।