একটি হারমোনিকা, দুটি গিটার আর তিনজন শিল্পী—এই নিয়ে আয়োজন। শোনানো হবে ‘এক নির্ঝরের গান’। বন্ধু দিবস উপলক্ষে অ্যাকুয়েস্টিক গানের এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর আর্ট অ্যান্ড এনটারটেইনমেন্ট বিভাগ। আয়োজন সহযোগী গানের টেলিভিশন গানবাংলা এবং এবিসি রেডিও।
গতকাল রোববার সন্ধ্যায় ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ মিলনায়তনের এই আয়োজনে গান শোনান তিন তরুণ শিল্পী মৈত্রী, লিমন ও মুন।
নির্ধারিত সময়ের বেশ দেরিতে অনুষ্ঠান শুরু হওয়ায় খানিকটা বিব্রতই ছিলেন আয়োজকেরা। ভূমিকা ছাড়াই গান শুরু করেছিলেন মৈত্রী। ‘গোপন কথাটি রাখছি গোপন’ দিয়ে শুরু করে তিনি শোনান নির্ঝরের জনপ্রিয় গান ‘মা ছাড়া প্রথম’ গানটি। অন্য দুজনও গেয়ে শোনান ‘বড় বিচিত্র’, ‘জানি না তো’, ‘মুছে যাচ্ছে দাগ’, ‘বন্ধু তোদের মুখগুলো সব’সহ আরও বেশ কিছু গান। আর গানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না অনুষ্ঠান। বন্ধু দিবসের আয়োজনে তিন তরুণ শিল্পী তাঁদের বন্ধুত্ব নিয়েও উপস্থিত দর্শকদের কিছু কথা বলেন। মঞ্চে এসে দর্শকদের সামনে স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টার-এর বিনোদন বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। তিনি বলেন, ‘গানের ভেতর দিয়ে যাঁরা বেড়ে ওঠেন, তাঁরা সারা জীবন তরুণ থাকেন। আর বন্ধু দিবস তো সারা পৃথিবীতে তরুণেরাই পালন করে।’
সবাই তো জেনেই গেছেন, ১০১টি গান লিখেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝর। আর সেগুলো গেয়েছেন ৫১ জন শিল্পী। গানগুলো সিডিতে বেরিয়েছে, ডাউনলোডের জন্য প্রস্তুত আছে গানশালার অনলাইন স্টুডিতে।