বন্ধু, ভালো থেকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল সালমান শাহকে নিয়ে লিখবেন মৌসুমী। কিন্তু টেলিফোনে মৌসুমীকে পাওয়া যাচ্ছিল না। গত ২৩ আগস্ট ফেসবুকে অনলাইনে পাওয়া গেল তাঁকে। তিনি তখন থাইল্যান্ডের পাতায়ার বিভিন্ন লোকেশনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নট মাই লাইফ ও টাইগার কলিং নামের দুটি নাটকের শুটিংয়ে ব্যস্ত। সালমান শাহকে নিয়ে লেখার কথা মনে করিয়ে দিতেই পরদিন এয়ারপোর্টে বসেই আইফোনে লেখাটি তৈরি করে মেইল করে দেন সালমানের বন্ধু এই অভিনেত্রী

মাঝেমধ্যে স্বপ্ন দেখতে ভালো লাগে, যেমন দেখি আমি আর সালমান শাহ (ইমন) সেই আগের মতো লং ড্রাইভে যাচ্ছি তো যাচ্ছি...। মাঝেমধ্যে গুনগুন করে গেয়ে উঠি, ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো!’
মনে পড়ে, সেই ক্যাইন্ডফ্লোসে নেমে কফি, আইসক্রিম খাওয়ার দৃশ্য...মনে পড়ে বৃষ্টির দিনে আমার অনেক জ্বর, জ্বরের ঘোরে ফোন ধরতে পারিনি আর তুমি নাচের মাস্টার রহিম ভাইয়ের কাছে শুনলে আমার জ্বর। সেই বৃষ্টির মধ্যে এক ঝুড়ি ফল ও আনারস নিয়ে চলে এলে আমাকে দেখতে। সঙ্গে ঝাল খিচুড়ি আর মুরগি ভুনা...আর আড্ডা সেই সন্ধ্যা পর্যন্ত। যাবার বেলায় আবার মন খারাপ। এসব কেন করতে, বলতে পারো—যদি দূরে চলে যাবে তবে?
আমি আমার বেস্ট ফ্রেন্ডকে এখনো খুঁজি আকাশ, নদী, সমুদ্র, সিলেটের চা-বাগান, বান্দরবানের পাহাড়, এফডিসি, হোতাপাড়া...সব শুটিং স্পটে। যেখানে যেখানে আমরা একসঙ্গে কাজ করেছি। পারি না ভুলে থাকতে। আমি চাইলেও তোমার ভক্তরা আমাকে ভুলে থাকতে দেয় না, তুমি কি জানো? তোমার ভক্তরা এখনো সালমান শাহ হয়ে আমার সামনে আসে আর আমি মনের অজান্তে বারবার তোমাকে মিস করি, তোমার ভক্তের মতো। এখনো পর্যন্ত।
কেউ আমাকে আর তোমার মতো টেক কেয়ার করতে পারে না। কেউ প্রতিদিন জোর করে টাকার মধ্যে আমার অটোগ্রাফ নেয় না। কেউ আর আমার রাগ ভাঙাতে শুটিং শেষে আমার বারান্দার নিচে গাড়ির হর্ন বাজায় না। কেউ আর থাইল্যান্ড থেকে সঠিক মাপের জুতো কিনে আমাকে চমকে দিতে পারে না (তোমার সানি ভাই ছাড়া)।
এসব স্মৃতিময় ঘটনা শুধু নিজের করে রাখলে, পৃথিবীর কাউকে দিয়ে গেলে না, এখানেই তোমার জয়। তোমার জয় তো হতেই হবে, কারণ তুমি যে সালমান শাহ।
যার সঙ্গে কাজ করেছ, মিশেছ, সবাইকে বোঝা না-বোঝার মাঝখানে তোমাকে হারানোর ব্যথায় জর্জরিত করে রেখে গেছ। একটা জায়গা শূন্য করে রেখে গেছ। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের পাতায় গোটা গোট হরফে লেখা আছে সালমান শাহর নাম। যেখানে কারও প্রবেশ করার অধিকার হয়নি আজ পর্যন্ত। একদিন আমি থাকব না, কিন্তু জানি তখনো কেউ এই জায়গা স্পর্শ করতে পারবে না। এই কথাটি মনে রেখো।
জানো, আমি এখন আর আগের মতো পাগলামি করি না। অনেক বুঝি এখন। অনেক পরিণত। কিন্তু বাস্তব স্বপ্ন দেখি। সেই যে তুমি চলে যাওয়ার পরদিন দেখছিলাম, তুমি সাদা শার্ট, সাদা প্যান্ট পরে সবুজ নরম ঘাসের ওপর পা রেখে হাঁটছ আর মিষ্টি করে হাসি হাসি মুখ করে গানের শট দিচ্ছ।
তুমি লেকের ওই পাড়ে আর আমি এই পাড়ে, তুমি হাত বাড়িয়ে আমাকে কাছে ডাকছিলে, আমি যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। এই পর্যন্ত দেখার পর ঘুম ভেঙে গেল। তারপর অনেক কেঁদেছি। সেই কান্নার রেশ এখনো রয়ে গেল, বন্ধু। তাই এখন সেই লেকটা পাড়ি দিয়ে তোমার কাছে আসতে চাই, এখন আর কোনো বাধা নেই। আর অভিমান? সেটাও আর নেই, ভালো থেকো বন্ধু।