বন্ধুত্ব শেষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ ও টেলর সুইফট
সেলেনা গোমেজ ও টেলর সুইফট

পপ তারকা সেলেনা গোমেজ আর টেলর সুইফটের যে গলায়-গলায় ভাব, সে কথা তো আর কারও অজানা নয়। কিন্তু ইদানীং সেলেনা তাঁর প্রিয় সখী টেলরের থেকে ‘নিরাপদ দূরত্ব’ বজায় রাখছেন। পুনর্বাসনকেন্দ্র থেকে ফেরার পর দুজনের যোগাযোগও হয়নি বলে জানিয়েছে সেলেনার ঘনিষ্ঠ এক সূত্র।
দীর্ঘ সময় ধরে লুপাস নামে একধরনের চর্মরোগে ভোগার কারণে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী সেলেনা। সে সময় ঘোষণা দিয়েই মানসিক নিরাময়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তিনি। গান-বাজনা ও সামাজিক যোগাযোগের মাধ্যম থেকেও নিজেকে কিছুদিন দূরে সরিয়ে রেখেছিলেন। সম্প্রতি তিনি নিরাময়কেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু তাঁর মনোরোগ বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন—সব ধরনের নেতিবাচক বিষয় থেকে তাঁকে দূরে থাকতে। আর এই ‘নিষিদ্ধ বিষয়’-এর তালিকায় নাকি টেলর সুইফটের নামও আছে।
সূত্রটি জানায়, টেলর সব সময় নিজেকে সেলেনার চেয়ে উত্তম মনে করেন। তাঁর ভাব দেখে মনে হতো, বান্ধবী হিসেবে তাঁকে পেয়ে সেলেনার ধন্য হওয়া উচিত। টেলরের এ মনোভাব সেলেনার জন্য সব সময় ছিল ভীষণ পীড়াদায়ক। এমনিতেই সেলেনার মানসিক অবস্থা নাজুক, তার ওপর বন্ধুর কাছ থেকেও পাওয়া এমন আচরণ তাঁকে মানসিকভাবে আরও বেশি সমস্যায় ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তাঁর মনোবিদ।
অবশ্য কেউ কেউ এ খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের ভাষ্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের কোনো ছবি প্রকাশ না করার অর্থ তো এই না যে তাঁদের বন্ধুত্বই শেষ হয়ে গেছে। এসশোবিজ।