বন্ধুদের 'নানি' যিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধন
বাঁধন

 আজমেরি হক বাঁধনের ডাকনামটি (বাঁধন) তাঁর নানুর দেওয়া। আর এর পেছনেও আছে একটি ছোট্ট গল্প। বাঁধনের জন্মের সময়টায় তাঁর নানু একদিন টিভিতে নাটক দেখছিলেন। নাটকে নায়িকার নাম ছিল বাঁধন। মেয়েটি একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেন। নাটক দেখে মেয়েটিকে তাঁর এতই পছন্দ হয়ে যায় যে তিনি শখ করে তাঁর নাতনির নাম রাখেন বাঁধন।
 সিভিল ইঞ্জিনিয়ার বাবাকে দেখেই ছোটবেলায় বাঁধনের স্বপ্ন ছিল, বড় হয়ে একজন প্রকৌশলী হবেন। তাঁর ধারণা ছিল, প্রকৌশলী হতে পারলেই কেবল তিনি নদীতে বড় বড় বাঁধ নির্মাণ করতে পারবেন।
 শিক্ষাজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বেশির ভাগ সময় বাঁধন ক্লাসের ক্যাপ্টেন ছিলেন। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় কোনো এক কারণে ক্লাসের এক ছেলেকে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছেন এই অভিনেত্রী।
 লাক্স তারকা বাঁধনকে বেশির ভাগ মানুষই চেনে মডেল ও অভিনেত্রী হিসেবে। কিন্তু আপনি জানেন কি, চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করে তিনি একজন পুরোপুরি দন্তচিকিৎসক?
 ‘বাঁধন’ নামের পাশাপাশি অন্য কোনো নামে এই অভিনেত্রী পরিচিত না হলেও শিক্ষাজীবনে বন্ধু ও সহপাঠীদের কাছে তিনি ‘নানি’। সবার সঙ্গে অভিভাবকসুলভ আচরণের জন্যই নাকি এই নামকরণ।
 ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়া এই অভিনেত্রী প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন শুধু কথাসাহিত্যিক, নাট্যকার হুমায়ূন আহমেদের সঙ্গে একবার দেখা করার জন্য। প্রতিযোগিতায় বিজয়ীর জন্য ছিল হুমায়ূন আহমেদের চিত্রনাট্য দারুচিনি দ্বীপ অবলম্বনে নির্মিত ছবিতে নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ।
 হুমায়ূন আহমেদের পরিচালনায় বুয়া বিলাস নাটকটিই ছিল আজমেরি হক বাঁধন অভিনীত প্রথম নাটক।
 ২৮ অক্টোবর জন্ম নেওয়া এ শিল্পীর প্রথম ও এখন পর্যন্ত একমাত্র অভিনীত চলচ্চিত্র নিঝুম অরণ্যে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ওই ছবিতে নায়ক সজলের বিপরীতে তিনি অভিনয় করেন।
 ছোটবেলা থেকেই মানুষকে সাজানোর মধ্যে আনন্দ খুঁজে পেতেন বাঁধন। বিভিন্ন উৎসবে-আয়োজনে সেই কাজ করতেন শখের বশেই। এই শিল্পী সম্প্রতি নাম লিখিয়েছেন একজন বিউটিশিয়ানের খাতায়। বন্ধু সুরাইয়াকে নিয়ে একটি মেকওভার সেলুন পরিচালনা করছেন তিনি।
 গ্রন্থনা: আবদুল ওয়াজেদ