
আপনি জানেন কি, জনপ্রিয় কণ্ঠশিল্পী তপুর আসল নাম রাসেদ উদ্দিন হলেও বন্ধুমহলে তিনি ‘জেরি’ ও ‘মাস্টর’ নামেও পরিচিত?
জীবনে প্রথমবারের মতো যে গানটিতে তপু সুর দিয়েছিলেন, তা ছিল জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি কবিতা। তিন গোয়েন্দা সিরিজের দারুণ ভক্ত তপুর সব সময়ের ইচ্ছা ছিল, বড় হয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা হওয়ার। সে স্বপ্ন পূরণ হলে গায়ক তপুকে শ্রোতারা কখনোই দেখতে পেতেন না।
শিল্পী তপুর এমন জনপ্রিয়তার পেছনে জনপ্রিয় ব্যান্ডদল ‘ব্ল্যাক’-এর ড্রামার টনির অবদানের কথা হয়তো অনেকেরই অজানা। তিনিই প্রথমবারের মতো তপুকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন, সব সময় পাশে থেকেছেন একজন অভিভাবকের মতো।
প্রথমবারের মতো কোনো গানে সুর করতে গিয়ে তপু বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করেছেন ক্লাসের ডেস্ককে।
‘এক পায়ে নূপুর’ গানটি মুক্তি পাওয়ার মধ্য দিয়ে শিল্পী তপুর অনেক দিনের স্বপ্ন পূর্ণতা পেয়েছিল। কিন্তু আপনি জানেন কি, স্বপ্নপূরণ হয়ে গেছে বলে তপু তার পরপরই গান গাওয়া ছেড়ে দিতে চেয়েছিলেন?
শিল্পী তপুর গাওয়া জনপ্রিয় গান ‘যাত্রী’তে ‘ভেবেছি চাই এবার...’ এর পরের দুটো কলি তপুর উপহার হিসেবে পাওয়া। উপহারটি তিনি পেয়েছিলেন প্রিয় বন্ধু মন্টির কাছ থেকে।।
আবদুল ওয়াজেদ