বন্ধুর অনুরোধে অভিনয়
‘ফেরদৌস আমার ভালো বন্ধু। তাঁর প্রযোজনায় ছবি হবে, সেখানে আমি অভিনয় করব না! তা কি হয়? তাই তো ফেরদৌস আমাকে অনুরোধ করতেই রাজি হয়ে গেলাম। একবারও চরিত্র নিয়ে ভাবিনি। ছবিতে আমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি। কাজটা করে মজা পেয়েছি। আশা করছি, ছবিটা দেখে সবাই আনন্দ পাবে।’ এক কাপ চা ছবিতে অভিনয় প্রসঙ্গে বললেন ঋতুপর্ণা। গত বৃহস্পতিবার তিনি ঢাকায় এসেছিলেন। জার্মান প্রসাধন-সামগ্রীর ব্র্যান্ড দুলগানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ঋতুপর্ণা ও ফেরদৌস। এখন বাংলাদেশে পাওয়া যাবে দুলগানের সব প্রসাধন-সামগ্রী। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন ঋতুপর্ণা ও ফেরদৌস। অনুষ্ঠান শেষে কথা হয় ঋতুপর্ণার সঙ্গে। তিনি আরও বলেন, ‘আমি আর ফেরদৌস এবারই প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। দুলগানের এই প্রসাধন-সামগ্রীর বিজ্ঞাপনচিত্রের কাজ হয়েছে জার্মানির বার্লিন শহরের বিভিন্ন স্থানে। প্রচণ্ড শীতের মধ্যে শূন্য ডিগ্রি তাপমাত্রায় কাজ করতে হয়েছে কোনো গরম কাপড় ছাড়াই।’