বন্ধুর জন্মদিনে বন্ধুর মৃত্যুদিন

গত ১৮ মে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিলেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস কর্নেল। ক্রিস ছিলেন লিনকিন পার্ক ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী চেস্টার চার্লস বেনিংটনের বন্ধু। তাঁর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর কাছে একটি খোলা চিঠি লিখেছিলেন বেনিংটন। সেখানে লিখেছিলেন, ‘তোকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না। শান্তিতে থাক, ভালো থাক পরপারে।’ বন্ধুর শেষকৃত্যে তিনি গেয়েছিলেন লিওনার্দো কোহেনের ‘হ্যালোলুইয়া’ গানটি। কেউ ভাবতেই পারেনি, সেই বন্ধুর ৫৩তম জন্মদিনে নিজেও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করবেন বেনিংটন!
গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল নয়টার কিছুক্ষণ আগে লস অ্যাঞ্জেলেসে নিজের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সেখানকার কাউন্টি ডিপার্টমেন্ট অব মেডিকেল এক্সামিনার কর্নারস অফিসের চিফ অব অপারেশনস ব্রাইন ইলায়াস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয় মার্কিন ব্যান্ড লিনকিন পার্কের এ গায়কের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন অনেক তারকা। ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা মাইক শিনোডা লিখেছেন, ‘আমি মর্মাহত এবং এটি এক হৃদয়বিদারক সত্য।’ রিয়ানা লিখেছেন, ‘আক্ষরিক অর্থে তিনি ছিলেন লাইভ অনুষ্ঠানের সেরা প্রতিভা, সেরা ভোকাল।’ জাস্টিন টিমবারলেক লিখেছেন, ‘চেস্টার বেনিংটন, তাঁর পরিবার, বন্ধু এবং লিনকিন পার্ক পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। সত্যিই অনন্য তিনি।’ কেটি পেরি লিখেছেন, ‘শান্তিতে থাকুন। রেখে যাওয়া পরিবারের জন্য হৃদয় থেকে সমবেদনা।’
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে গ্র্যামি পরিবারও। দুবারের গ্র্যামিজয়ী এই সংগীতশিল্পী উপহার দিয়েছেন অসাধারণ সব গান। সেগুলোর মধ্যে ‘নাম্ব’, ‘ইন দ্য এন্ড’, ‘নিউ ডিভাইড’, ‘হোয়াট আই হ্যাভ ডান’, ‘ব্রেকিং দ্য হ্যাবিট’, ‘ক্রলিং’, ‘ফেইন্ট’, ‘বার্ন ইট ডাউন’, ‘সামহোয়্যার আই বিলং’ গানগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা যায়।

বেনিংটন ১৯৭৬ সালের ২০ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফোনিক্সে জন্মগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা ও নার্স মায়ের চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। শৈশবটা খুব ভালো কাটেনি তাঁর। ১১ বছর বয়সে তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়। এক সাক্ষাৎকারে বলেছিলেন, সাত থেকে তেরো বছর বয়স পর্যন্ত বন্ধুদের কাছে ভীষণ নিগৃহীত ছিলেন তিনি, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। একসময় মাদকে ঝুঁকে পড়েন। ১৯৯৮ সালে বেনিংটন যুক্ত হন লিনকিন পার্ক ব্যান্ডের সঙ্গে। মৃত্যুর আগ পর্যন্ত দলটির মূল কণ্ঠশিল্পী হিসেবে গান করেছেন। ধারণা করা হচ্ছে, মাদকাসক্তিই তাঁর আত্মহত্যার কারণ। তাঁর মৃত্যুর কিছু আগে লিনকিন পার্ক প্রকাশ করে তাঁদের ‘টকিং টু মাইসেলফ’ গানটির ভিডিও। সেখানেও জীবন্ত বেনিংটনের কণ্ঠ। নিউইয়র্ক টাইমস ও বিবিসি