সন্তর্পণে একটা মাইক্রোবাস ঢুকেছে জমিদারবাড়ির সদর দরজা দিয়ে। গাড়িটার শরীরজুড়ে ‘গেরিলা’। দরজা খুলে বেরিয়ে আসেন যে যুবক, তাঁকে দেখে ক্ষণিকের জন্য চোখে ধাঁধা লাগে। সামরিক কায়দায় ছোট করে ছাঁটা চুল। শক্ত চোয়াল। ঋজুভঙ্গি। ভরসন্ধ্যার আলো-আঁধারির মাঝে হেঁটে আসছে, ওটা কে? মেজর সরফরাজ নয় তো? না, মেজর সরফরাজ অথবা ক্যাপ্টেন শামসাদ নয়। জমিদারবাড়ির বিস্তৃত সবুজ উঠোন পেরিয়ে এসে যুবক হাসিমুখে হাত বাড়িয়ে দেন, ‘আমি শতাব্দী ওয়াদুদ।’ বললেন বটে, কিন্তু পরিষ্কার বোঝা গেল গেরিলা ছায়াছবির মেজর সরফরাজের আছর এখনো পুরোপুরি ছেড়ে যায়নি তাঁকে।‘আমি ভাই চ্যালেঞ্জ ভালোবাসি। তাই মেজর সরফরাজ আর ক্যাপ্টেন শামসাদের চরিত্র করতে রাজি হওয়ার আগে দ্বিতীয়বার ভাবিনি।’ মেজর সরফরাজ কিংবা ক্যাপ্টেন শামসাদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে আসতে বলতে শুরু করেন শতাব্দী ওয়াদুদ। শ্রদ্ধেয় নাসির উদ্দীন ইউসুফের কথায় রাজি তো হলেন। কিন্তু রাজি হয়েই শতাব্দী বুঝলেন, চ্যালেঞ্জটা আদতেই কঠিন। একজন বাঙালি-বাংলাদেশি থেকে পুরোদস্তুর এক পাকিস্তানি মেজর বনে যাওয়ার এই চ্যালেঞ্জটাশতাব্দীর আদতে শুরু হয়েছিল বছর খানেক আগে। একজন সামরিক অফিসার আর একজন বেসামরিক মানুষের চলাফেরা, ওঠাবসার ভঙ্গিতে কিছু মৌলিক তফাত আছে। সেটা রপ্ত করা। অনর্গল চোস্ত উর্দু আর ইংরেজি বলে যাওয়া। টানা ২৪ ঘণ্টা সামরিক উর্দি পরে থাকা। কোমরে আস্ত ৩ পয়েন্ট ২ বোরের রিভলবার নিয়ে হাঁটাচলা—চাট্টিখানি কথা নয়। লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরের (বীর প্রতীক) তত্ত্বাবধানে টানা দুই মাসের প্রশিক্ষণ শেষে সেসব মোটামুটি আয়ত্তে আনা গেল।‘গায়ে খাকি ড্রেস চাপানোর পর, পায়ে বুট পরার পর নিজের কাছেই নিজেকে অচেনা লাগত। প্রথম দিন পোশাক পরে খুব ভালো লাগল। কিন্তু দেখলাম, এক ঘণ্টা ৪০ মিনিট পার না হতেই বিনা কারণে মেজাজ খারাপ হয়। পোশাকের একটা আলাদা উত্তাপ আছে। গরমের কারণেই সম্ভবত জিদ লাগত। অস্থির লাগত। টানা ২৪ ঘণ্টা উর্দি পরে থাকাটা মেজাজ গরম করার জন্য যথেষ্ট। ইউনিটে সবাই আমাকে মেজর বলে ডাকত। আমিও জবাব দিতাম। একটা সময় সবকিছু সহ্য হয়ে গেল।’ বলছিলেন শতাব্দী। অবশ্য এসব কোনোটাই নয়। পাকিস্তানি হানাদার হয়ে ওঠার পথে যে বাধাটি তাঁকে কাবু করে ফেলল, সেটি শতাব্দীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।‘সারা জীবন পাকিস্তানিদের শুধু ঘৃণাই করে এসেছি। সেই আমারই কিনা বিশ্বাসযোগ্য করে তুলতে হচ্ছে এক পাকিস্তানি মেজরকে। শিখতে হচ্ছে উর্দু। তাঁর মতো চলনবলন, ওঠাবসা অদ্ভুত একটা দ্বন্দ্ব কাজ করছিল নিজের ভেতরে।’ শতাব্দীর স্বীকারোক্তি। বইয়ের লেখাপড়া যেটুকু সম্ভব করেছেন। এর পাশাপাশি সেই আমলের চাচা-নানা, পরিচিত চেনা মুখ, যাকেই পেয়েছেন উর্দুজ্ঞানটা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন যতটা সম্ভব এবং শেষ পর্যন্ত অবশ্য জয় হয়েছে শতাব্দীর অভিনেতা সত্তারই। তাঁর প্রমাণ সদ্য মুক্তি পাওয়া গেরিলা। মদ্যপ, ভয়ংকর নিষ্ঠুর আর বাঙালিবিদ্বেষী পাকিস্তানি তরুণ মেজর সরফরাজ এবং অকালবৃদ্ধ মনোবিকারগ্রস্ত ক্যাপ্টেন শামসাদ—দুটো চরিত্রেই শতাব্দী অসাধারণ।২.পূর্বনির্ধারিত পুরান ঢাকার জমিদারবাড়ির পুকুরঘাটের আলাপ পর্ব শেষ হয়।শতাব্দীর যাওয়ার সময় হয়ে গেছে। দুয়ারে গেরিলা ছবির সেই ‘প্রচারণা ভ্যান’ তৈরি। শতাব্দী হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যাচ্ছেন। মনে পড়ে, আজ থেকে বছর দুই আগে এই সম্ভাবনাময় তরুণ অভিনেতাকে নিয়ে অগ্রজ অভিনেতা আজাদ আবুল কালাম ‘ছুটিরদিনে’র পাতায় লিখেছিলেন, ‘শতাব্দী যাচ্ছে সোজা বন্ধুর পথে। রোদ বেশি, ঘাম বেশি। তবে পৌঁছাতে পারলে রাজার আসনটি তার।...অনেকের মধ্যে নীরব থাকলেও শতাব্দী সরব। অনেক জৌলুশের গাঢ় চাকচিক্যের মধ্যেও এলোমেলো অগোছালো শতাব্দী জেল্লাদার।’ আজাদ আবুল কালাম সম্ভবত বাড়িয়ে বলেননি।