বন্ধুর বিশ্বাসঘাতকতার শিকার
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চিরতরে হারিয়ে গেছেন মানিকগঞ্জের হেলাচিয়া গ্রামের রবীন্দ্রনাথ সরকার। এই হলো এক বন্ধুর বিশ্বাসঘাতকতার এক নির্মম কাহিনি। রাজনীতি, ধর্ম আর রাষ্ট্রীয় অখণ্ডতার নামে ব্যক্তিগত লোভ-লালসা ও স্বার্থ চরিতার্থ করার আরেকটি কলঙ্কজনক নমুনা। দুঃখজনক এ ঘটনার নায়ক নিখোঁজ রবীন্দ্রনাথ সরকারের সহপাঠী-বন্ধু তত্কালীন শান্তি কমিটির মানিকগঞ্জ অঞ্চলের প্রধান দিদার বক্সের ছেলে পিয়ারা। তাঁরই ষড়যন্ত্র ও যোগসাজশে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায় রবীন্দ্রনাথ সরকারকে। তারপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। এ ঘটনা নিয়ে ফৌজিয়া খান তৈরি করেছেন প্রামাণ্যচিত্র কোথায় পাব তারে।এটিএন বাংলার সহযোগিতায় প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন ফৌজিয়া। তিনি জানান, কোথায় পাব তারে প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময় হারিয়ে যাওয়া সেই রবীন্দ্রনাথ সরকারকে চেনার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতা দিবসে দুপুরে এটি প্রচারিত হবে এটিএন বাংলায়।