
প্রথম আলো বন্ধুসভা সদস্যদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও বিকাশের লক্ষে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে। এরই অংশ হিসেবে গতকাল ১৮ মে বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার সদস্যরা নাচ, গান, আবৃত্তি, মূকাভিনয়, একক অভিনয়সহ একাধিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শুরু হয় মিঠুন রায়ের কণ্ঠে গান দিয়ে। এরপর একে একে গান করেন ফারহান কবির, খায়রুল বাসার, পারমিতা দাশ, সুস্মিতা সোহরাব প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি করেন মাহবুব পারভেজ ও হাসান সালেহ। সাগর দাসের করা ‘বাংলাদেশ’ শীর্ষক একক অভিনয় দর্শকদের আপ্লুত করে। সাঈদ আহমেদ ও জামান পারভেজ ‘চল চল চল’ গানের সঙ্গে দ্বৈত নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানের অন্যতম চমক ছিল উপস্থাপনায়। ওমর ফারুক, হাসান মাহমুদ, অনিক সাহা, শাহিন মাহফুজ, সৌরভ মাহমুদ, মৌসুমী মৌ, অমিত হাসান ও তাপস হালদার বিভিন্ন সময়ে উপস্থাপনা করতে মঞ্চে ওঠেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান ও লেখক তৌহিদুর রহমান বন্ধুদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান। মীর লোকমানের ‘রোবট’ শীর্ষক মূকাভিনয় দিয়ে মনোমুগ্ধকর এ আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।