বন্যাদুর্গতদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রীর বাইরে অ্যাঞ্জেলিনা জোলির আরেকটি পরিচয় রয়েছে। এর বাইরে তিনি জাতিসংঘের শুভেচ্ছা দূতও বটে। আর সেই দায়িত্বই পালন করতে হলিউডের এই অভিনেত্রী সম্প্রতি ঘুরে গেলেন পাকিস্তান।বন্যাদুর্গত পাকিস্তানিদের দুর্ভোগ স্বচক্ষে দেখতে বিভিন্ন শরণার্থী-শিবির ঘুরে দেখেছেন। জানা গেছে, দুর্গত লোকজনের দুর্ভোগ জোলির আবেগকে তীব্রভাবে নাড়া দিয়েছে। আর এ কারণেই তাঁর চোখে-মুখে ছিল সহানুভূতির ছাপ। এ ছাড়া দুর্গতদের সঙ্গে মিশে গিয়ে তাদের দুঃখগাথা মনোযোগ দিয়ে শুনেছেন। সন্তানহারা মায়েদের কষ্ট তাঁকে আবেগপ্রবণ করে তুলেছে। দুর্গত এলাকা ভ্রমণ করতে গিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে জোলি বলেন, ‘তাঁদের কষ্ট আমাকে ছুঁয়ে গেছে এবং আমি আশা করি, বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে তাদের জন্য কিছু করতে পারব।’ পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এটা শুধু মানবিক বিপর্যয়ই নয়, এটা অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ও।৩৫ বছর বয়সী এই হলিউড তারকা পাকিস্তানের নওসেরা, খাইবারসহ বিভিন্ন অঞ্চলের শরণার্থী-শিবির পরিদর্শন করেছেন। এ সময় তাঁর পোশাকেও ছিল না হলিউডের আমেজ। একজন মুসলিম নারীর বেশে মাথায় কালো কাপড় দিয়ে তিনি ঘুরে দেখেছেন বন্যাদুর্গত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে।পাকিস্তানের বিভিন্ন শরণার্থী-শিবির পরিদর্শন শেষে জোলি এক সংবাদ সম্মেলনে বিশ্বসম্প্রদায়ের কাছে বন্যাদুর্গতদের জন্য অধিক পরিমাণ সাহায্যের আবেদন জানান। ওয়েবসাইট।