বন্যার উপস্থাপনায় সাবিনার গান
২০০৬ সাল থেকে প্রায় প্রতি ঈদেই টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের একক গানের অনুষ্ঠান। এবারের ঈদেও সাবিনা ইয়াসমীনের একক গানের অনুষ্ঠান থাকছে। অবশ্য এবারের অনুষ্ঠানটি এর আগের অন্য অনুষ্ঠানগুলোর চেয়ে কিছুটা ভিন্ন। এবারের ঈদে সাবিনা তাঁর ভক্ত-দর্শকদের সামনে হাজির হচ্ছেন শুধু রবীন্দ্রনাথের একক গান নিয়ে।মোট ছয়টি রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো এ অনুষ্ঠানের নাম ‘পথ চাওয়াতে আনন্দ’। অনুষ্ঠানের আরেকটি চমক হচ্ছে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হওয়া।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, এটা ঠিক যে, কয়েক বছর ধরে ঈদে আমি বেশ কয়েকটি একক গানের অনুষ্ঠান করেছি। এগুলো কখনো ছিল আধুনিক গানের, কখনো দেশাত্মবোধক, চলচ্চিত্রের গান নিয়ে; কিন্তু রবীন্দ্রসংগীত নিয়ে নয়। অবশ্য বিচ্ছিন্নভাবে রবীন্দ্রসংগীত যে গাওয়া হয়নি তা নয়, গাওয়া হয়েছে। কিন্তু এবারই প্রথম রবীন্দ্রসংগীত নিয়ে পূর্ণাঙ্গ একটি অনুষ্ঠান করছি।’ অনুষ্ঠানে পরিবেশিত ছয়টি গানের মধ্যে রয়েছে—‘না বলে যায় মন’, ‘বিদায় করেছ যারে’, ‘তুমি খুশি থাক’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘আমার এই পথ চাওয়াতে আনন্দ’ এবং ‘ওগো ডেকো না মোরে ডেকো না’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাহের শিপন। চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিনে প্রচারিত হবে সাবিনা ইয়াসমীনের একক রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘পথ চাওয়াতেই আনন্দ’।